logo

নীতির প্রশ্নে ইসরায়েল ম্যাচ বর্জন করবেন আইরিশ গোলকিপার

নীতির প্রশ্নে ইসরায়েল ম্যাচ বর্জন করবেন আইরিশ গোলকিপার
আয়ারল্যান্ডের গোলকিপার গ্যাভিন বাজুনু। ছবি: আরটিই

ইসরায়েলের বিপক্ষে নেশনস লিগের ম্যাচগুলো থেকে সরে দাঁড়িয়েছেন আয়ারল্যান্ডের গোলকিপার গ্যাভিন বাজুনু। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি জানিয়েছেন, নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে ব্যক্তিগত বিশ্বাস থেকেই এই অবস্থান নিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে বাজুনু লিখেছেন, ‘নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়।’ তার মতে, নিজের বিশ্বাস ও নীতিবোধের সঙ্গে ইসরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোতে অংশ নেওয়া সংগতিপূর্ণ হবে না।

তবে নিজের অবস্থান নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ রাখতে চাননি এই গোলকিপার। তিনি স্পষ্ট করেছেন, ‘আমার অবস্থান ইসরায়েলি জনগণ বা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।’ তার প্রতিবাদ ওই অঞ্চলে সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে।

বাজুনু জানিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতীর্থ, কোচ, কোচিং স্টাফ ও আয়ারল্যান্ডের মানুষের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা আছে। সিদ্ধান্তটি হালকাভাবে নেননি বলেও উল্লেখ করেছেন তিনি।

তার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পর শনিবার প্রায় চার ঘণ্টা আলোচনা হয় আইরিশ দলে। বিলম্বিত হয় অনুশীলন ও সংবাদ সম্মেলনও। পরে খেলোয়াড়দের ভোটে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড কুরেল জানান, বেশির ভাগ খেলোয়াড় খেলার পক্ষে মত দিয়েছেন। তবে পক্ষে-বিপক্ষে কতজন ভোট দিয়েছেন, সেই সংখ্যা প্রকাশ করেননি তিনি।

ম্যাচে অংশ নিলেও সংঘাতে নিহত ব্যক্তিদের স্মরণে কালো আর্মব্যান্ড পরতে চান আইরিশ ফুটবলাররা। ম্যাচের আগে ইসরায়েলি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন ও দলীয় পতাকা বিনিময়েও অংশ নেবেন না তারা।

রবিবার হাঙ্গেরির দেব্রেসেনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ৪ অক্টোবর ফিরতি ম্যাচটি হবে সার্বিয়ায়, দর্শকশূন্য মাঠে।