logo
Advertisement

পিএসজি কিংবা স্পেনে নয়, ব্যালন ডি’অর রিয়ালে: মরিনহো

এশিয়া পোস্ট স্পোর্টস
পিএসজি কিংবা স্পেনে নয়, ব্যালন ডি’অর রিয়ালে: মরিনহো
রিয়াল কোচ হোসে মরিনহো। ছবি: রিয়াল মাদ্রিদ

ব্যালন ডি’অরের দাবিদার খুঁজতে পিএসজি কিংবা বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দিকে তাকাতে চান না রিয়াল কোচ হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদ কোচের চোখে বিশ্বের সেরা খেলোয়াড় তার দলেই আছেন। সরাসরি নাম না বললেও তার ইঙ্গিতটি কিলিয়ান এমবাপ্পের দিকেই।

Advertisement

লা লিগায় মালাগার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে কথা বলেন মরিনহো। বড় কোনো দলীয় শিরোপা জেতাই একজন খেলোয়াড়কে বিশ্বের সেরা প্রমাণ করে না বলে মনে করেন পর্তুগিজ কোচ।

মরিনহোর মতে, শুধু চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পুরস্কার দিতে চাইলে সেটি পিএসজি কোচ লুইস এনরিকেকে দেওয়া উচিত। একইভাবে বিশ্বকাপজয়ী স্পেনকে স্বীকৃতি দিতে হলে প্রাপ্য ব্যক্তি তাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয়।

মরিনহো বলেন, ‘সেরা খেলোয়াড় পিএসজি বা স্পেনের হতে হবে না। আমরা জানি তারা কারা এবং কোথায় আছেন। তারা এখানেই।’

এরপরই গত গ্রীষ্মে ব্যক্তিগতভাবে ইতিহাস গড়া খেলোয়াড়ের কথা উল্লেখ করেন তিনি। আর তাতেই এমবাপ্পের প্রতি তার সমর্থনটি পরিষ্কার হয়ে যায়।

২০২৬ বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। একই সঙ্গে তিনটি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২। লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন ফরাসি অধিনায়ক।

বিশ্বকাপের পর ক্লাব ফুটবলেও দুর্দান্ত শুরু করেছেন এমবাপ্পে। সর্বশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলের জয় এনে দেন তিনি। দীর্ঘ ১৩ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে মরিনহোর ফেরার ম্যাচটিও স্মরণীয় করে রাখেন ফরাসি তারকা।

তবে ব্যালন ডি’অর নির্বাচনের প্রক্রিয়া নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন মরিনহো। তার মতে, পুরস্কারটির সঙ্গে রাজনীতি জড়িয়ে গেলে প্রকৃত সেরা খেলোয়াড়ের মূল্যায়ন বাধাগ্রস্ত হয়। একজন খেলোয়াড় অবসর নেওয়ার পরও যাকে ফুটবলবিশ্ব দীর্ঘদিন মনে রাখবে, ব্যালন ডি’অরের জন্য সেই মানের ফুটবলারকেই বিবেচনা করা উচিত।

ম্যারাডোনা, রোনালদো নাজারিও, জিনেদিন জিদান, লিওনেল মেসি ও লোথার ম্যাথাউসের উদাহরণও দেন রিয়াল কোচ। তার বিশ্বাস, ব্যালন ডি’অর শুধু একটি মৌসুমের দলীয় সাফল্যের স্বীকৃতি নয়, একজন অসাধারণ ফুটবলারের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার।

একই সংবাদ সম্মেলনে জুড বেলিংহামেরও প্রশংসা করেন মরিনহো। শারীরিক, মানসিক ও কৌশলগত সামর্থ্যের কারণে ইংলিশ মিডফিল্ডারকে দলের জন্য অনন্য বলে উল্লেখ করেন তিনি। মালাগার বিপক্ষে মার্ক কুকুরেয়া শুরুর একাদশে থাকবেন বলেও নিশ্চিত করেছেন রিয়াল কোচ।

পিএসজি কিংবা স্পেনে নয়, ব্যালন ডি’অর রিয়ালে: মরিনহো