মাসে ১ লাখ টাকা করে ভাতা পাবেন সাফজয়ী ফুটবলাররা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে শিরোপা জয়ের পর এবার বড় স্বীকৃতি পেল বাংলাদশ যুব ফুটবলাররা। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে তাদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ঘোষণা অনুযায়ী, সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের প্রত্যেক খেলোয়াড় মাসে ১ লাখ টাকা করে ভাতা পাবেন। দেশের ফুটবলে এই অর্জনকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ের পর থেকেই দলটিকে ঘিরে ছিল উৎসবের আবহ। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে। সেখানে আয়োজিত সংবর্ধনায় তাদের সম্মাননা জানানো হয়।
এর আগেই বাফুফে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়। বাফুফের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং ডিএনসিসির পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়।
তবে বড় চমকটি আসে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিশেষ কিছু ঘোষণা থাকবে। ক্রীড়া দিবসে সেটিই বাস্তবায়ন হলো।
এই সিদ্ধান্ত শুধু পুরস্কার নয়, ভবিষ্যতের জন্যও একটি বার্তা। বয়সভিত্তিক ফুটবলে সাফল্য পেলে তার যথাযথ মূল্যায়ন করা হবে, এমন আশ্বাসই মিলছে এতে।