Advertisement

অবশেষে রদ্রিকে পাচ্ছে বার্সা

এশিয়া পোস্ট স্পোর্টস
অবশেষে রদ্রিকে পাচ্ছে বার্সা
রদ্রি। ছবি: ফিফা

স্প্যানিশ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে নিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। সম্ভাব্য চুক্তিটির মোট মূল্য হতে পারে ৭ কোটি ৬৫ লাখ ইউরো।

Advertisement

দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি সম্পন্ন হলে শুরুতেই ৬ কোটি ইউরো পাবে ম্যানচেস্টার সিটি। সঙ্গে থাকছে বিভিন্ন শর্তসাপেক্ষ বোনাস। এর মধ্যে বেশির ভাগ শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করছে ইংলিশ ক্লাবটি। সব মিলিয়ে রদ্রির বিক্রি থেকে অন্তত ৭ কোটি ১৫ লাখ ইউরো পাওয়ার প্রত্যাশা তাদের।

বার্সেলোনার সঙ্গে ব্যক্তিগত চুক্তি নিয়েও বড় কোনো জটিলতার আশঙ্কা নেই। ৩০ বছর বয়সী রদ্রিকে চার বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

এর আগে ৭ আগস্ট রদ্রির জন্য প্রায় সাড়ে ৪ কোটি ইউরোর সঙ্গে বোনাসের প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে তাকে ছাড়তে ৮ কোটি ইউরোর কাছাকাছি অর্থ চাইছিল ম্যানচেস্টার সিটি। কয়েক দফা আলোচনার পর দুই পক্ষ এখন মাঝামাঝি একটি অঙ্কে সমঝোতায় পৌঁছেছে।

সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছরেরও কম। নতুন চুক্তিতে সই করার ব্যাপারেও এখন পর্যন্ত আগ্রহ দেখাননি স্পেন অধিনায়ক। ফলে এই গ্রীষ্মেই তাকে বিক্রি করার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছিল।

রদ্রিকে পেতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদও। তবে শুরু থেকেই বার্সেলোনায় যাওয়াকেই অগ্রাধিকার দিয়েছেন ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার।

ক্যাম্প ন্যুতে গেলে স্পেনের ২০২৬ বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন সতীর্থকে পাবেন রদ্রি। বার্সেলোনায় আগে থেকেই আছেন হোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, দানি ওলমো, পেদ্রি ও লামিন ইয়ামাল। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও জিতেছিলেন রদ্রি।

মাঝমাঠে রদ্রির প্রয়োজনীয়তা আরও বেড়েছে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোটের কারণে। ডান হাঁটুর মেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে ডাচ মিডফিল্ডারকে।

অন্যদিকে রদ্রির সম্ভাব্য বিদায়ের প্রস্তুতিও অনেকটা নিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। জুলাইয়ে নটিংহাম ফরেস্ট থেকে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে দলে নিয়েছে তারা।

২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। ক্লাবটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। ২০২৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সিটির শিরোপাজয়ী গোলটিও এসেছিল তার পা থেকে।

সিটির হয়ে এখন পর্যন্ত ২৯৮ ম্যাচে ২৮ গোল করার পাশাপাশি ৩২টি গোলে সহায়তা করেছেন রদ্রি। সবকিছু পরিকল্পনামতো এগোলে দীর্ঘ সাত বছরের ম্যানচেস্টার অধ্যায়ের পর এবার স্পেনে ফিরতে চলেছেন তিনি।

অবশেষে রদ্রিকে পাচ্ছে বার্সা