পরিবারকে বিরক্ত করলে জার্মানির দায়িত্ব ছাড়বেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রার দিনেই সংবাদমাধ্যমকে কড়া বার্তা দিলেন নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ। তার পরিবারকে বিরক্ত করা হলে কিংবা সংবাদমাধ্যম সীমা ছাড়ালে দায়িত্ব ছেড়ে চলে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক লিভারপুল কোচ।
শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জার্মানির নতুন কোচ হিসেবে ক্লপকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর দুই বছরের বেশি সময় পেরিয়ে আবারও ডাগআউটে ফিরছেন ৫৯ বছর বয়সী এই জার্মান।
প্রথম সংবাদ সম্মেলনেই নিজের অবস্থান পরিষ্কার করে ক্লপ বলেন, ‘যেদিন আপনারা আমাকে আর চাইবেন না, সেদিনই বলে দেবেন। আমি কোনো ক্ষতিপূরণ ছাড়াই চলে যাব। ডিএফবি যদি মনে করে আমি যথেষ্ট ভালো নই, তবুও চলে যাব। আর আপনারা যদি সীমা ছাড়ান এবং আমার পরিবারকে শান্তিতে না রাখেন, তাহলে আমিও থাকব না।’
ক্লপের পূর্বসূরি ইয়ুলিয়ান নাগলসমান জার্মানির দায়িত্বে থাকাকালে সংবাদমাধ্যমের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। তার ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। সাবেক জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের কাছ থেকেও নিয়মিত সমালোচনা শুনতে হয়েছিল নাগলসমানকে। সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই শুরুতে নিজের শর্ত জানিয়ে দিলেন ক্লপ।
নিজের নিয়োগ এবং রেড বুলের সঙ্গে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সমঝোতা নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের যথার্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জার্মানির দায়িত্ব নেওয়ার আগে রেড বুলের গ্লোবাল সকার বিভাগের প্রধান হিসেবে কাজ করছিলেন ক্লপ।
সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যে পথে এগোতে যাচ্ছি, সেখানে আপনাদেরও প্রয়োজন হবে। তবে সামনে প্রতিবেদন প্রকাশের গতির চেয়ে তথ্যের যথার্থতাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর নাগলসমানের সঙ্গে সম্পর্ক শেষ করে জার্মানি। তার জায়গায় ২০৩০ সাল পর্যন্ত ক্লপকে নিয়োগ দিয়েছে ডিএফবি। ফলে তার চুক্তির মধ্যে রয়েছে ২০২৮ ইউরো এবং ২০৩০ বিশ্বকাপ।
জার্মানির দায়িত্বই নিজের কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে বলেও জানিয়েছেন ক্লপ। তিনি বলেন, ‘জাতীয় দলের পর ইয়ুর্গেন ক্লপের আর কোনো ক্যারিয়ার নেই। আদর্শভাবে এটিই হবে আমার ক্যারিয়ারের সর্বোচ্চ অধ্যায়।’
২০২৬ বিশ্বকাপে জার্মান সম্প্রচারমাধ্যম ম্যাজেন্টার বিশ্লেষক হিসেবে কাজ করেছিলেন ক্লপ। টুর্নামেন্ট চলাকালে আইভরি কোস্টকে নিয়ে বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বিতর্কিত মন্তব্যসংক্রান্ত প্রশ্নের মুখে একটি সাক্ষাৎকার ছেড়েও চলে গিয়েছিলেন তিনি।
২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিভারপুলের দায়িত্বে ছিলেন ক্লপ। তার অধীনে ইংলিশ ক্লাবটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগসহ একাধিক শিরোপা জেতে। জার্মানির ডাগআউটেও তার সহকারী হিসেবে থাকবেন লিভারপুলে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা পেপ লিন্ডার্স।
.png)






