logo

রিয়ালের কোচ হওয়ার ব্যাপারে যা বললেন মরিনহো

রিয়ালের কোচ হওয়ার ব্যাপারে যা বললেন মরিনহো

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বর্তমানে কোচিং সংকটের মাঝে আছে। দলের প্রধান কোচ জাবি আলোনসোকে ছাঁটাইয়ের পর নতুন প্রধান কোচ হিসেবে আলোচনায় আসে লস ব্লাঙ্কোসদের সাবেক কোচ হোসে মরিনহো। তবে সম্ভাব্য প্রত্যাবর্তনের গুঞ্জন এক বাক্যে উড়িয়ে দিলেন বেনফিকার পর্তুগিজ কোচ ‘আমাকে এই নাটকে ধরবেন না।’

জাবি আলোনসোকে বরখাস্তের পর থেকেই বার্নাব্যু ঘিরে নতুন কোচের জল্পনা তুঙ্গে। সমর্থক ও গণমাধ্যমে বারবার ফিরে এসেছে মরিনহোর নাম। কিন্তু গত রাতে সরাসরি প্রশ্নের মুখে তিনি দরজা বন্ধ করে দেন।

মরিনহো বলেন, ‘আমাকে কোনো ‘সোপ অপেরা’য় ধরবেন না। ভালো নাটক আছে, কিন্তু সেগুলো অনেক লম্বা—দু’একটা পর্ব বাদ পড়লেই কাহিনি হারিয়ে যায়। তাই আমার ওপর ভরসা করবেন না, আমি এসব দেখি না।’

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মরিনহোর ব্যক্তিগত সম্পর্ক এখনও উষ্ণ। পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, বড়দিনের নৈশভোজের পর পেরেস তাকে শুভেচ্ছা পাঠিয়েছিলেন। শিগগিরই চ্যাম্পিয়নস লিগে রিয়াল–বেনফিকা মুখোমুখি হলে দুজনের সাক্ষাৎও হতে পারে।

এ মুহূর্তে রিয়ালের ডাগআউটে অন্তর্বর্তী কোচ হিসেবে বসে আছেন আলভারো আরবেলোয়া। মৌসুম শেষ পর্যন্ত তিনি থাকবেন—যদি না বড় কোনো বিপর্যয় ঘটে। রিয়াল কতটা শিরোপা জেতে, তার ওপরই নির্ভর করবে আগামী মৌসুমের স্থায়ী কোচ।