logo

ইয়ামালের জাদুতে বার্সার কষ্টের জয়

ইয়ামালের জাদুতে বার্সার কষ্টের জয়

খেলা খুব একটা ভালো হয়নি। আক্রমণে ধার ছিল না, মাঝমাঠেও ছন্দ খুঁজে পাচ্ছিল না দল। তবু ঠিক প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠলেন লামিনে ইয়ামাল। তার একমাত্র গোলেই কঠিন এক ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সান মামেসে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থানও ধরে রেখেছে কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরুতেই অবশ্য বিপদে পড়ে বার্সেলোনা। প্রথম মিনিটেই বিলবাওয়ের আক্রমণ থেকে বল ক্রসবারে লেগে ফিরে আসে। পরে গোলরক্ষক জোয়ান গার্সিয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।

প্রথমার্ধে দুই দলই খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। বার্সার আক্রমণে ছিলেন রাশফোর্ড ও অলমো, কিন্তু দুজনই নিজেদের প্রমাণ করার সুযোগ কাজে লাগাতে পারেননি। বিশেষ করে অলমোর পারফরম্যান্স ছিল হতাশাজনক।

বিরতির পর বদল আনেন কোচ হ্যান্সি ফ্লিক। মাঠে নামেন পেদ্রি ও রাফিনিয়া। এরপরই ম্যাচে আসে সেই মুহূর্ত, যা পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে।

মাঝমাঠ থেকে পেদ্রির নিখুঁত পাস পেয়ে বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। সেখান থেকে বাঁ পায়ের দারুণ এক শটে বল জালে পাঠান স্প্যানিশ তরুণ।

শেষ দিকে বিলবাও চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি। ফলে খুব একটা দাপুটে ফুটবল না খেলেও গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ের ফলে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সা এখনও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছে।