logo
Advertisement

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বড় পরীক্ষায় বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বড় পরীক্ষায় বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। এর মধ্যে উজবেকিস্তান ও সিরিয়া, দুদলই বয়সভিত্তিক এই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন।

Advertisement

বুধবার (২৭ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। এতে ৩২টি দলকে ভাগ করা হয়েছে ৮টি গ্রুপে। পট-৪ এ থাকা বাংলাদেশ পট-১ থেকে পেয়েছে উজবেকিস্তানকে, পট-২ থেকে সিরিয়া এবং পট-৩ থেকে ভারতকে। গ্রুপ ‘বি’-এর সব ম্যাচ হবে উজবেকিস্তানের মাঠে। তবে ম্যাচের নির্দিষ্ট ভেন্যু ও সূচি পরে জানানো হবে।

২০২৭ সালের মার্চ-এপ্রিলে চীনে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্ব। ১৬ দলের চূড়ান্ত আসরে স্বাগতিক চীন সরাসরি খেলবে। বাকি ১৫টি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি মূল পর্বে উঠবে। পাশাপাশি ৮ রানার্সআপের মধ্যে সেরা ৭ দল পাবে চূড়ান্ত পর্বের টিকিট।

বাংলাদেশের জন্য পথটা সহজ নয়। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের শিরোপা জিতেছিল উজবেকিস্তান। এবার তারা নিজেদের মাঠে খেলবে, তাই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে স্বাগতিকদের। দেশটির জাতীয় দলও এবার ফিফা বিশ্বকাপে খেলছে, যা তাদের ফুটবলের সাম্প্রতিক অগ্রগতির আরেকটি ইঙ্গিত।

সিরিয়াও এই পর্যায়ে অভিজ্ঞ দল। ১৯৯৩ সালে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সর্বশেষ আসরেও বাছাই পেরিয়ে মূল পর্বে খেলেছে সিরীয়রা। অন্যদিকে ভারতও দক্ষিণ এশিয়ার পরিচিত প্রতিপক্ষ, তাই বাংলাদেশের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এবারের বাছাইয়ে আরেকটি চাপও থাকছে। গ্রুপে চতুর্থ হওয়া দলকে নেমে যেতে হবে ডেভেলপমেন্ট ফেজে। পরের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে ফিরতে হলে সেই উন্নয়ন পর্ব পেরিয়ে আসতে হবে।