logo

চেলসি নারী দলের গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

চেলসি নারী দলের গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

জিয়া পরিবারের সদস্য জাইমা রহমানের খেলাধুলায় আগ্রহ এবং তার ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, জাইমা রহমান ইংল্যান্ডের ক্লাব চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন, তবে পরবর্তীতে সে সুযোগটি কাজে লাগানো সম্ভব হয়নি।

সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী তাকে খেলার সুযোগটা তৈরি করে দেননি। তারপরও আমি আনন্দিত যে জিয়া পরিবার খেলাধুলাবান্ধব একটি পরিবার।’

তিনি আরও বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন। আমি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমানের সঙ্গে কথা হয়েছিল।’

প্রধানমন্ত্রীর চেয়েও তার স্ত্রী-কন্যা খেলাধুলা বেশি পছন্দ করেন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন, ‘আমিনুল আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে হাজার বার (থাউজেন্ড টাইম) বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান।’

সবশেষে আমিনুল হক বলেন, বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মত একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।