বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ উপযুক্ত হবে না: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জাতীয় ফুটবল দল ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশ নিতে চাইলে তারা স্বাগত তবে বর্তমান পরিস্থিতিতে তাদের সেখানে থাকা ‘উপযুক্ত নয়’ বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে চাইলে তারা স্বাগত। কিন্তু তাদের নিজের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা উপযুক্ত হবে বলে আমি মনে করি না।’
এদিকে ইরানের ক্রীড়ামন্ত্রী আগেই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া তাদের জন্য সম্ভব নাও হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিমান হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং তা অঞ্চলজুড়ে সংঘাতে রূপ নেয়।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটল শহরে হওয়ার কথা।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে ইরানের সরে দাঁড়ানোর ঘোষণা আসেনি। যদি শেষ পর্যন্ত ইরান টুর্নামেন্ট থেকে সরে যায়, তাহলে আধুনিক যুগে বিশ্বকাপ থেকে কোনো দলের প্রত্যাহারের ঘটনা সেটিই হবে প্রথম। সে ক্ষেত্রে বিকল্প দল খুঁজে বের করার দায়িত্ব পড়বে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর।
এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপ প্রস্তুতি বিষয়ক এক বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ইরানই ছিল একমাত্র অনুপস্থিত দল।
অন্যদিকে সাম্প্রতিক সময়েও ইরানি ফুটবলকে ঘিরে বিতর্ক দেখা গেছে। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া পাঁচজন ইরানি নারী ফুটবল খেলোয়াড়কে মানবিক ভিসা দিয়েছে। তারা এশিয়ান কাপের এক ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ার কারণে দেশে ফিরে নির্যাতনের আশঙ্কা প্রকাশ করে আশ্রয় চেয়েছিলেন।
এই পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: রয়টার্স