Advertisement

ফিফার বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ তুলল ফিফপ্রো

এশিয়া পোস্ট স্পোর্টস
ফিফার বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ তুলল ফিফপ্রো
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ছে। এবার বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো অভিযোগ করেছে, ফিফার সাম্প্রতিক কর্মকাণ্ডে সভাপতির ক্ষমতার গুরুতর অপব্যবহার হয়েছে। একই সময়ে ফিফার প্রতিযোগিতা বয়কটের অবস্থান থেকে সরে না আসার কথাও স্পষ্ট করেছে উয়েফা।

Advertisement

বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে তুলে দেওয়ার পরিকল্পনা ঘিরেই শুরু হয়েছে এই সংকট। ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করে নেয় ফিফা। তবে তাতে বিতর্ক থামেনি।

বৃহস্পতিবার ফিফপ্রো জানায়, ঘটনাটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং সভাপতির ক্ষমতার গভীর অপব্যবহারের উদাহরণ। সংগঠনটির অভিযোগ, এমন এক কাঠামো তৈরি হয়েছে যেখানে একজন ব্যক্তি ফুটবলের বড় সিদ্ধান্ত একতরফাভাবে এগিয়ে নিতে পারেন। ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকাতে ফিফার প্রশাসনিক ও কাঠামোগত সংস্কারেরও দাবি জানিয়েছে তারা।

ফিফপ্রোর দাবি, আন্তর্জাতিক ম্যাচের সূচি, ফিফার প্রতিযোগিতা সম্প্রসারণসহ পেশাদার ফুটবলের গুরুত্বপূর্ণ বিষয়ে খেলোয়াড় ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বাধ্যতামূলকভাবে আলোচনার ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি ফিফা কাউন্সিলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

এদিকে ইনফান্তিনোর ওপর আস্থা হারানোর আগের অবস্থানেই রয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের ৫৫ সদস্য দেশের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে ফিফার প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরিকল্পনা প্রত্যাহার হলেও উয়েফার মতে, তাদের সব শর্ত এখনো পূরণ হয়নি।

উয়েফা বলেছে, শুধু বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা প্রত্যাহার করাই যথেষ্ট নয়। ভবিষ্যতে একই ধরনের উদ্যোগ আর নেওয়া হবে না, এমন নিশ্চয়তাও তারা চায়। একই সঙ্গে ইনফান্তিনোর নেতৃত্বের ওপর যে আস্থা হারিয়েছে, সেই অবস্থানও অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

চাপের মধ্যেও অবশ্য ইনফান্তিনোর পক্ষে সমর্থন রয়েছে। আফ্রিকান ফুটবল কনফেডারেশন তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে। আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে। তবে ইংল্যান্ড, ক্রোয়েশিয়াসহ কয়েকটি দেশ তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচন হওয়ার কথা। তার আগে বাণিজ্যিক স্বত্ব নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক এবং উয়েফা-ফিফপ্রোর কঠোর অবস্থান ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়িয়ে দিল।

ফিফার বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ তুলল ফিফপ্রো