logo

সান মারিনো ম্যাচে বাংলাদেশ দলে ফিরলেন জিকো

সান মারিনো ম্যাচে বাংলাদেশ দলে ফিরলেন জিকো
আনিসুর রহমান জিকো। ছবি: সংগৃহীত

নতুন কোচ থমাস ডুলির অধীনে প্রথম ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। সেই ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

দলের সবচেয়ে উল্লেখযোগ্য খবর আনিসুর রহমান জিকোর ফেরা। বসুন্ধরা কিংসের এই গোলকিপার আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন। গত বছর হাভিয়ের কাবরেরার সময় জাতীয় দলের বাইরে চলে গিয়েছিলেন জিকো। তখন গোলপোস্টের নিচে বেশি সুযোগ পেয়েছিলেন মিতুল মারমা। তবে দলে ফিরলেও সান মারিনোর বিপক্ষে একাদশে জিকো থাকবেন কি না, সেটি এখনই নিশ্চিত নয়।

সান মারিনো সফরে থাকছেন না নিয়মিত উইঙ্গার রাকিব হোসেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তিনি। রাকিবের জায়গায় স্কোয়াডে নেওয়া হয়েছে রফিকুল ইসলামকে।

চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন কয়েকজন পরিচিত মুখও। রহমত মিয়া, ইব্রাহিম ও মিনহাজুল করিম স্বাধীন জায়গা পাননি ২৩ সদস্যের দলে। তরুণ ফুটবলার মঞ্জুরুল মানিক, সজীব ওমর ও মিরাজুল ইসলামকে পাঠানো হয়েছে বয়সভিত্তিক দলে। রক্ষণভাগে শক্তি বাড়াতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারিক রায়হান কাজী।

ডুলির কোচিং স্টাফও চূড়ান্ত হয়েছে। সহকারী কোচ হিসেবে থাকছেন মার্কো বোনোফিগ্লিও ও জাতীয় দলের সাবেক ডিফেন্ডার হাসান আল মামুন। গোলকিপার কোচের দায়িত্বে থাকবেন এ কে এম নুরুজ্জামান।

বাংলাদেশ দল আগামীকাল দুপুরে ঢাকা ছাড়বে। শমিত সোম, জায়ান আহমেদ ও হামজা দেওয়ান চৌধুরী সরাসরি নিজেদের অবস্থান থেকে সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন ২ জুন।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম। সান মারিনো আছে তালিকার একেবারে নিচে, ২১১তম স্থানে। র‍্যাংকিংয়ের হিসাবে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও ইউরোপের মাটিতে এই ম্যাচ বাংলাদেশের জন্য মর্যাদার লড়াই। নতুন কোচের অধীনে দল কেমন শুরু করে, সেটিই এখন বড় কৌতূহল।

বাংলাদেশের ২৩ সদস্যের দল

মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, ফাহিমিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম।