logo

শেষ ষোলোয় সম্ভাব্য মহারণ, ড্রয়ের অপেক্ষায় ইউরোপ

শেষ ষোলোয় সম্ভাব্য মহারণ, ড্রয়ের অপেক্ষায় ইউরোপ

ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই এখন নতুন মোড়ে। প্লে-অফের নাটকীয়তা পেরিয়ে নির্ধারিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ১৬ দল। কোথাও শেষ মুহূর্তের গোল, কোথাও বিতর্ক, কোথাও আবার অবিশ্বাস্য প্রত্যাবর্তন—সব মিলিয়ে উত্তপ্ত এক পর্বের পর এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে ড্রয়ের দিকে।

আগামী ২৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের নিয়ঁ শহরে উয়েফা সদর দপ্তরে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র। সেই ড্র নির্ধারণ করবে কারা মুখোমুখি হবে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা বাকি, তবে সম্ভাব্য প্রতিপক্ষের সমীকরণ ইতোমধ্যেই পরিষ্কার।

রিয়ালের সামনে সিটি নাকি স্পোর্টিং?

প্লে-অফে শক্তভাবে পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ দুইটি—স্পোর্টিং লিসবন অথবা ম্যানচেস্টার সিটি।

গত আসরে সিটিকে বিদায় করেছিল রিয়াল। ফলে ড্র যদি আবারও এই দুই জায়ান্টকে মুখোমুখি করে, তবে সেটি হবে রাউন্ড অব ১৬–এর সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথগুলোর একটি।

বার্সার সম্ভাব্য চ্যালেঞ্জ

লিগ পর্বে পঞ্চম হওয়া কাতালান জায়ান্ট বার্সেলোনার সামনে থাকতে পারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি অথবা নিউক্যাসল ইউনাইটেড।

ফরাসি ডার্বিতে মোনাকোকে হারিয়ে এসেছে পিএসজি। ফলে বার্সা–পিএসজি হলে সেটি হবে কৌশল, গতি ও তারকাখচিত স্কোয়াডের সংঘর্ষ। একইসাথে বার্সার সাবেক কোচ লুইস এনরিকেরও ফেরা হবে বার্সায় যার হাত ধরে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল কাতালানরা।

আর্সেনাল ও বায়ার্নের হিসাব

ইংলিশ লিগের শীর্ষে থাকা আর্সেনাল মুখোমুখি হতে পারে আটলান্টা অথবা বায়ার লেভারকুসেনের।

একই দুই দলের একটির বিপক্ষে খেলতে পারে বায়ার্ন মিউনিখও, যা ড্রয়ের সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে।

অ্যাটলেটিকো ও ইংলিশ দ্বৈরথ

আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সামনে থাকতে পারে টটেনহ্যাম অথবা লিভারপুল।

লিভারপুল বা টটেনহামের বিপক্ষে অ্যাথলেটিকো মানেই শৃঙ্খলা বনাম আক্রমণাত্মক ফুটবলের লড়াই।

নরওয়ের চমক

এবারের বড় চমক নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট। সম্ভাব্য প্রতিপক্ষ স্পোর্টিং বা ম্যানচেস্টার সিটির মতো হেভিওয়েট। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে শেষ ষোলোয় উঠলেও তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

সূচি 

শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ, আর ফিরতি লেগ ১৭ ও ১৮ মার্চ।
দ্বিতীয় লেগ ঘরের মাঠে খেলবে আর্সেনাল, বায়ার্ন, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও টটেনহাম।

সম্ভাব্য ম্যাচআপের সারসংক্ষেপ 

 

দলসম্ভাব্য প্রতিপক্ষ
রিয়াল মাদ্রিদস্পোর্টিং সিপি / ম্যানচেস্টার সিটি
বার্সেলোনাপিএসজি / নিউক্যাসল ইউনাইটেড
আর্সেনালআটালান্টা / বায়ার লেভারকুসেন
বায়ার্ন মিউনিখআটালান্টা / বায়ার লেভারকুসেন
অ্যাটলেটিকো মাদ্রিদটটেনহাম / লিভারপুল
বোদো/গ্লিম্টস্পোর্টিং সিপি / ম্যানচেস্টার সিটি

ড্রয়ের আগে উত্তেজনা তুঙ্গে। কে কার মুখোমুখি হবে, কোন ম্যাচটি হবে আগাম ফাইনাল—সেই উত্তর মিলবে শুক্রবার। ইউরোপের সেরা হওয়ার পথে এখন শুরু হতে যাচ্ছে আরেকটি উচ্চমাত্রার অধ্যায়।