হাঁটুর চোটে বিশ্বকাপ শেষ জাভি সিমন্সের

হাঁটুর গুরুতর চোটে মৌসুম শেষ হয়ে গেছে টটেনহাম হটস্পার ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার জাভি সিমন্সের। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপেও খেলা হচ্ছে না ২৩ বছর বয়সি এই ডাচ ফুটবলারের।
শনিবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে টটেনহামের ১-০ গোলের জয়ের ম্যাচে চোট পান সিমন্স। ম্যাচের ৬৩তম মিনিটে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। প্রাথমিক রিপোর্টে তার ডান হাঁটুর এসিএলে চোটের ইঙ্গিত পাওয়া গেছে।
রোববার ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন বার্তায় সিমন্স জানান, তার মৌসুম হঠাৎ করেই শেষ হয়ে গেছে। বিশ্বকাপে দেশের হয়ে খেলার স্বপ্নও ভেঙে যাওয়ায় হতাশা লুকাননি তিনি।
সিমন্স লিখেছেন, জীবন কখনো কখনো নিষ্ঠুর হতে পারে, আর আজ সেটিই অনুভব করছেন তিনি। দলের জন্য লড়াই করাই ছিল তার লক্ষ্য, কিন্তু সেই সুযোগ তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে খেলার সুযোগও শেষ হয়ে গেছে বলে জানান তিনি।
রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস দলে সিমন্সকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দেখা হচ্ছিল। ২০২২ বিশ্বকাপে অভিষেকের পর এটি হতে পারত তার দ্বিতীয় বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ মার্চে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের জার্সিতে মাঠে নেমেছিলেন সিমন্স।
সিমন্সের চোট বড় ধাক্কা টটেনহামের জন্যও। কঠিন প্রিমিয়ার লিগ মৌসুম কাটানো উত্তর লন্ডনের ক্লাবটি বর্তমানে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে আছে, নিরাপদ অবস্থান থেকে দুই পয়েন্ট দূরে।