Advertisement

মেসির সঙ্গে ফাইনালে কী কথা হয়েছিল, গোপনই রাখলেন রেফারি

এশিয়া পোস্ট স্পোর্টস
মেসির সঙ্গে ফাইনালে কী কথা হয়েছিল, গোপনই রাখলেন রেফারি
ফাইনালের রেফারির সাথে মেসি। ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির সঙ্গে কী কথা হয়েছিল রেফারি স্লাভকো ভিনচিচের, তা আর জানা গেল না। কথোপকথনের বিষয়টি গোপন রাখলেও আর্জেন্টিনা অধিনায়কের আচরণের প্রশংসা করেছেন সদ্য অবসর নেওয়া স্লোভেনিয়ান রেফারি।

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল পরিচালনার এক সপ্তাহ পর পেশাদার রেফারিং থেকে অবসরের ঘোষণা দেন ভিনচিচ। এরপর প্রথমবার প্রকাশ্যে এসে ফাইনালের অভিজ্ঞতা, নিজের সিদ্ধান্ত এবং মাঠে খেলোয়াড়দের আবেগ সামলানোর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন তিনি।

স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ভিনচিচ জানান, বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব পাওয়ার খবরটি শুরুতে তাঁকে অবাক করেছিল। পরে অবশ্য সেটি তাঁর এবং স্লোভেনিয়ার জন্য গর্বের উপলক্ষ হয়ে ওঠে।

ভিনচিচ বলেন, ‘প্রথমে আমি অবাক হয়েছিলাম। এরপর আমাদের দল এত বড় মঞ্চে স্লোভেনিয়ার প্রতিনিধিত্ব করবে ভেবে গর্ব অনুভব করেছি। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন।’

সহকারী রেফারি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচের অবদানের কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন ভিনচিচ। দীর্ঘদিন একসঙ্গে কাজ করায় মাঠে একে অন্যের ভাবনা ও অনুভূতি সহজেই বুঝতে পারতেন তাঁরা। দুই সহকারীকে নিজের দ্বিতীয় পরিবার বলেও অভিহিত করেন তিনি।

ফাইনালের সবচেয়ে কঠিন দিক ছিল দুই দলের খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণ করা। ম্যাচের গুরুত্বের কারণে খেলোয়াড়দের প্রতিক্রিয়া স্বাভাবিক ম্যাচের তুলনায় ভিন্ন ছিল বলে মনে করেন ভিনচিচ।

তাঁর সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল পাউ কুবারসিকে ফাউল করার অপরাধে এনজো ফার্নান্দেজকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো। ওই সিদ্ধান্তে আর্জেন্টাইন শিবিরে অসন্তোষ দেখা দিলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন ভিনচিচ।

ম্যাচের পর সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করে বড় কোনো ভুল খুঁজে পাননি জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তী বিশ্লেষণ নিয়ে খুব বেশি সমস্যা হয়নি। আমার মনে হয়, ম্যাচ পরিচালনার কৌশল সঠিক ছিল।’

ম্যাচ চলাকালে মেসির সঙ্গে হওয়া কথোপকথনের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল ভিনচিচকে। তবে কী কথা হয়েছিল, সেটি প্রকাশ করতে চাননি তিনি।

ভিনচিচ বলেন, ‘সেই কথোপকথন মাঠেই থাকুক। তবে এটুকু বলতে পারি, মেসি পুরোপুরি খেলোয়াড়সুলভ আচরণ করেছেন।’