logo

প্যারাগুয়ের কাছে হেরে সোনা হাতছাড়া আর্জেন্টিনার

প্যারাগুয়ের কাছে হেরে সোনা হাতছাড়া আর্জেন্টিনার
ম্যাচের দৃশ্য। ছবি: এএফএ

দক্ষিণ আমেরিকান গেমসে সোনা জেতা হলো না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের। ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো প্লাসেন্তের দলকে।

রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকার চেষ্টা করলেও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে প্যারাগুয়েও সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে ৯০ মিনিট শেষে স্কোর থাকে ০-০।

এরপর শিরোপা নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে পাঁচটি শটই গোলে পরিণত করে প্যারাগুয়ে। আর্জেন্টিনা একটি শট থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্যারাগুয়ের।

এই আসরে দ্বিতীয়বার প্যারাগুয়ের কাছে হারল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও তাদের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। পরে উরুগুয়েকে ১-০ গোলে হারানো এবং ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে সেমিফাইনালে ওঠে তারা। শেষ চারে পেরুকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছিল ফাইনাল।

দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনার সর্বশেষ সোনা এসেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার সেই ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশাতেই থামতে হলো তাদের।