Advertisement

ইনফান্তিনোকে সমর্থন দেয়নি বাফুফে: তাবিথ

এশিয়া পোস্ট স্পোর্টস
ইনফান্তিনোকে সমর্থন দেয়নি বাফুফে: তাবিথ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানিয়েছেন, ইনফান্তিনো কিংবা তার বিতর্কিত প্রকল্পের পক্ষে বাফুফে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

Advertisement

রোববার বাফুফে ভবনে সাংবাদিকদের তাবিথ বলেন, কাউকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি বাফুফের কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হতে হবে। কমিটির সিদ্ধান্ত ছাড়া কোনো ব্যক্তি বা প্রস্তাবকে আগাম সমর্থন জানানোর সুযোগ নেই।

তাবিথ বলেন, ‘বাংলাদেশ কারও পক্ষে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কার্যনির্বাহী কমিটিতে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইনফান্তিনোর প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প নিয়েও বাফুফে কোনো সম্মতি দেয়নি বলে জানান তিনি। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তার ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল ফিফার।

প্রকল্পটিতে সম্মতি দিলে ভবিষ্যতে প্রতিটি সদস্য দেশকে সর্বোচ্চ চার কোটি ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমানে ফিফার একটি উন্নয়ন চক্রে সদস্য দেশগুলো প্রায় এক কোটি ডলার পেয়ে থাকে।

তবে বাফুফের কার্যনির্বাহী কমিটিতে প্রস্তাবটি নিয়ে আলোচনার আগেই বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার মুখে প্রকল্পটি বাতিল করে ফিফা। তাবিথ জানিয়েছেন, বাফুফে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা প্রস্তাবকে আগাম সমর্থন জানায়নি।

ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতও বিবেচনায় নেওয়া হতে পারে। বিষয়টি এখন শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ নেই বলে মনে করেন বাফুফে সভাপতি।

তিনি বলেন, ‘এখানে অনেক বিষয় বিশ্লেষণ করতে হবে। কার্যনির্বাহী কমিটির পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতও বিবেচনায় নিতে হতে পারে।’

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে বর্তমানে বড় ধরনের নেতৃত্ব সংকটে পড়েছে ফিফা। উয়েফাসহ ইউরোপের বেশ কয়েকটি ফুটবল সংস্থা ইনফান্তিনোর বিরোধিতা করছে। অন্যদিকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন, আর্জেন্টিনা ও মেক্সিকোসহ কয়েকটি দেশ তার পাশে দাঁড়িয়েছে।

২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে আবারও প্রার্থী হতে চান ইনফান্তিনো। তবে তাকে সমর্থন করা হবে কি না, সেই সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছেন তাবিথ।

ইনফান্তিনোকে সমর্থন দেয়নি বাফুফে: তাবিথ