logo

লড়াই করেও পারল না বার্সা, সেমিফাইনালে অ্যাটলেটিকো

লড়াই করেও পারল না বার্সা, সেমিফাইনালে অ্যাটলেটিকো

লড়াই ছিল শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত ইয়ামালদের সেমিফাইনালের স্বপ্ন পূরণ হলো না। ম্যাচ জয়ের পরও দুই লেগ মিলিয়ে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হলো বার্সেলোনাকে। আর ম্যাচ হেরেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল অ্যাটলেটিকো মাদ্রিদ। 

বুধবার (১৫ এপ্রিল) রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ের দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় বার্সা। তবে প্রথম লেগের ব্যবধান ধরে রেখে ৩-২ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে সেমিতে যায় অ্যাটলেটিকো।

মেট্রোপলিটানোতে ম্যাচের শুরুতেই চমক দেখায় বার্সা। চতুর্থ মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৪ মিনিটে ফেরান তোরেস ব্যবধান বাড়ালে মুহূর্তেই সমতায় ফিরে আসে টাই।

তখনই ম্যাচটা পুরোপুরি বার্সার নিয়ন্ত্রণে চলে যাওয়ার আভাস ছিল। কিন্তু সেই সময়েই পাল্টা আঘাত হানে অ্যাটলেটিকো।

৩১ মিনিটে দ্রুত এক কাউন্টার অ্যাটাকে মার্কোস লরেন্তের পাস থেকে আদেমোলা লুকম্যান গোল করে আবার এগিয়ে দেন স্বাগতিকদের। শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে ম্যাচ ও টাইয়ের নির্ধারক মুহূর্ত।

দ্বিতীয়ার্ধে বল দখল আর আক্রমণে এগিয়ে ছিল বার্সা। একাধিক সুযোগও তৈরি করে তারা। ফেরান তোরেসের আরেকটি গোল ভিএআর অফসাইডের কারণে বাতিল হলে হতাশা আরও বাড়ে।

এরপর ম্যাচ ঘুরে যায় আরও কঠিন দিকে। ৭৯ মিনিটে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। ১০ জনে নেমে আসার পর বার্সার চাপ বজায় থাকলেও ধার কমে যায় আক্রমণে।

শেষ দিকে মরিয়া হয়ে ওঠে বার্সা, কিন্তু অ্যাটলেটিকোর রক্ষণভাগ এবং গোলরক্ষক হুয়ান মুসোর দৃঢ়তায় আর সমতা ফেরানো হয়নি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মেট্রোপলিটানো জুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্বাগতিকরা। এখন অ্যাটলেটিকোর সামনে সেমিতে অপেক্ষা করছে আর্সেনাল বা স্পোর্টিং লিসবনের যেকোন দল।