কোমা কাটিয়ে জ্ঞান ফিরল ফরাসি ফুটবলারের

সুইমিং পুলে প্রায় ডুবে যাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া সিরি আ’র ক্লাব ক্যালিয়ারির তরুণ ফরাসি ফুটবলার ইয়ায়েল ত্রেপির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকেরা তাকে মেডিক্যালি ইনডিউসড কোমা থেকে বের করে এনেছেন। এখন আর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসেরও প্রয়োজন হচ্ছে না ২০ বছর বয়সী এই ফুটবলারের।
ক্যালিয়ারি মঙ্গলবার সর্বশেষ মেডিকেল বুলেটিনে বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার সুইমিং পুলে দুর্ঘটনার পর শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় পড়েন ত্রেপি। পরে তাকে ইতালির সার্দিনিয়ার সাসারিতে সান্তিসিমা আনুনজিয়াতা হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ত্রেপি ইতোমধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন এবং পুরোপুরি সজাগ আছেন। চিকিৎসকদের কথায়ও সাড়া দিচ্ছেন তিনি। এখন পর্যন্ত তার শরীরে কোনো স্নায়বিক জটিলতার লক্ষণও পাওয়া যায়নি।
ত্রেপির শ্বাসপ্রশ্বাস ও হৃদ্যন্ত্রের অবস্থাও স্থিতিশীল রয়েছে। তবে পুরোপুরি শঙ্কামুক্ত ঘোষণা করা হয়নি তাকে। এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এই ফরাসি ফুটবলারকে। বিশেষ করে তার শ্বাসপ্রশ্বাসের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।
২০২২ সালে ক্যালিয়ারির একাডেমিতে যোগ দেন ত্রেপি। চলতি বছরের জানুয়ারিতে ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয় তার। সিরি আ-তে নিজের অভিষেক ম্যাচেই গোল করে নজর কাড়েন তরুণ এই স্ট্রাইকার।



