logo

ইরান ম্যাচের ভেন্যু বদলালেও আপত্তি নেই নিউজিল্যান্ডের

ইরান ম্যাচের ভেন্যু বদলালেও আপত্তি নেই নিউজিল্যান্ডের

আসন্ন বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক উত্তেজনার ছায়া পড়েছে ফুটবল মাঠেও। বিশ্বকাপে ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে সরানোর ইস্যুতে নিউজিল্যান্ড ফুটবল দল জানিয়েছে, প্রয়োজনে তারা ইরানের বিপক্ষে ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে গিয়েও খেলতে রাজি।

সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে ইরানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ হওয়ার কথা। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলো বয়কটের হুমকি দিয়েছে।

এই অনিশ্চয়তার মাঝেই নিউজিল্যান্ড শিবির থেকে এসেছে নমনীয় অবস্থান। দলের মিডফিল্ডার রায়ান থমাস বলেন, ‘ইরান নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, তাই কোথায় খেলা হবে—তা নিয়ে তাদের খুব একটা আপত্তি নেই। প্রয়োজনে কানাডা বা মেক্সিকোতেও ম্যাচ খেলতে প্রস্তুত তারা।’

একই সুর শোনা গেছে উইঙ্গার কস্তা বারবেসোর কণ্ঠেও। তার মতে, ভেন্যু পরিবর্তন হলেও দলের প্রস্তুতিতে বড় কোনো প্রভাব পড়বে না। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরই ছেড়ে দিতে চান খেলোয়াড়রা।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইনাবোম ইতোমধ্যে জানিয়েছেন, প্রয়োজনে তারা ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নিরাপত্তা নিয়েও কিছুটা উদ্বেগ রয়েছে। তবে নিউজিল্যান্ড খেলোয়াড়রা বিশ্বাস করেন, বড় এই টুর্নামেন্টে আয়োজকরা যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করবে।

সব মিলিয়ে, রাজনৈতিক উত্তেজনার মাঝেও ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে—তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠে লড়াইয়ে নামতে প্রস্তুত দুই দলই।