আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপ জিতল সিটি

ওয়েম্বলিতে সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল আর্সেনালের জন্য—প্রথমার্ধে গোলশূন্য, ম্যাচ খোলা, সম্ভাবনা দুই দলেরই। কিন্তু মাত্র চার মিনিটে সবকিছু ভেঙে পড়ল।
নিকো ও’রাইলির দুটি হেড যার একটি গানারদের গোলকিপারের ভুলের সুযোগে, আরেকটি নিখুঁত মুভ থেকে-গোল করে কারাবাও কাপ ফাইনালের ভাগ্য নির্ধারণ করে নেয় ম্যানচেস্টার সিটি। আর সেই ঝড় সামলাতে পারেনি আর্সেনাল।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার সিটি, আর পেপ গার্দিওলা গড়েন ইতিহাস—প্রথম কোচ হিসেবে ইংলিশ এই শিরোপা জিতলেন পাঁচবার ।
ম্যাচের প্রথমার্ধে তেমন বড় সুযোগ না থাকলেও দ্বিতীয়ার্ধে একেবারে বদলে যায় চিত্র। ৬০ মিনিটে গোলকিপার কেপা আরিজাবালাগার ভুল কাজে লাগিয়ে হেডে গোল করেন ও’রাইলি। চার মিনিট পরই আবারও একই দৃশ্য—এইবার নুনেসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল।
দুই গোলের ধাক্কায় কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে আর্সেনাল।
পুরো ম্যাচে সিটি ছিল বেশি আগ্রাসী ও পরিকল্পিত, যেখানে আর্সেনালের খেলায় ছিল অস্বাভাবিক সতর্কতা। বিশেষ করে গোলকিপার হিসেবে কেপাকে নামানোর সিদ্ধান্তটা উল্টো কাল হয়ে দাঁড়ায় মিকেল আর্তেতার জন্য।
অন্যদিকে সিটির গোলকিপার জেমস ট্র্যাফোর্ড শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন, যা পরে বড় ভূমিকা রাখে।
এই জয়ে শুধু ট্রফিই জেতেনি সিটি—বার্তা দিয়েছে, খারাপ সময়ের পরও বড় ম্যাচে তারা এখনো সবচেয়ে ভয়ংকর দলগুলোর একটি।
আর আর্সেনালের জন্য? ২০২০ সালের পর শিরোপা খরা কাটানোর অপেক্ষা আরও দীর্ঘ হলো।