logo

ইউরোপে বড় ধাক্কা খেল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো

ইউরোপে বড় ধাক্কা খেল প্রিমিয়ার লিগের ক্লাবগুলো

চ্যাম্পিয়ন্স লিগের নতুন লিগ পর্ব শেষে ছয়টি ইংলিশ ক্লাব শেষ ষোলোতে ওঠায় ইউরোপে প্রিমিয়ার লিগের আধিপত্যের কথা জোরেশোরে বলা হচ্ছিল। কিন্তু শেষ ষোলো পর্বের প্রথম লেগেই সেই প্রত্যাশায় বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ডের ক্লাবগুলো; এই পর্বে কোনো ম্যাচই জিততে পারেনি তারা।

সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে ফেদেরিকো ভালভার্দের প্রথমার্ধের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। ফলে কোয়ার্টার ফাইনালে উঠতে দ্বিতীয় লেগে তাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

এর আগের দিন মাদ্রিদেই বড় পরাজয়ের মুখ দেখেছে এই মৌসুমে লিগে ধুঁকতে থাকা টটেনহ্যাম। অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরে যায় তারা। একইভাবে গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনের কাছে ৫-২ ব্যবধানে পরাজিত হয়েছে চেলসি।

অন্য ম্যাচগুলোতেও ইংলিশ দলগুলোর ফল আশানুরূপ হয়নি। গালাতাসারায়ের মাঠে ১-০ গোলে হেরেছে লিভারপুল। বায়ার লেভারকুসেনের বিপক্ষে শেষ মুহূর্তের পেনাল্টি থেকে ড্র করেছে আর্সেনাল, আর বার্সেলোনার বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টিতে সমতায় থেমেছে নিউক্যাসল ইউনাইটেড।

চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রিমিয়ার লিগের এরকম পারফরম্যান্সে সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার ও বিশ্লেষক নেডুম ওনুওহা বিবিসি স্পোর্টসকে বলেন, ‘সিটি ও চেলসির সামনে যে ব্যবধান তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা খুব কঠিন। তারা চেষ্টা করবে ঠিকই, কিন্তু ভুল করার সুযোগ এখন খুবই কম।’

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে লিগ পর্ব শেষে ইংলিশ ক্লাবগুলোর শক্তিশালী উপস্থিতি অনেককেই মনে করিয়েছিল যে প্রতিযোগিতার শেষ দিকে তাদের আধিপত্য দেখা যেতে পারে। কিন্তু প্রথম লেগের ফলাফল সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে।

তবে লড়াই এখনও শেষ হয়নি। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে সব দলেরই, যদিও বিশ্লেষকদের মতে তুলনামূলক ভালো অবস্থানে আছে আর্সেনাল ও লিভারপুল, আর সিটি, চেলসি ও টটেনহ্যামের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।