logo

শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। ছবি: বাফুফের ফেসবুক পেজ

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ, স্কোরবোর্ডে তখনো ১-১ সমতা। উজবেকিস্তানের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু যোগ করা সময়ে রুনা আক্তারের এক গোলেই বদলে গেল সব। স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের ম্যাচে এই জয় পেয়েছে সাইফুল বারী টিটুর দল।

ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের বাড়ানো বল ডান প্রান্তে পৌঁছালে এগিয়ে আসেন উজবেকিস্তানের গোলরক্ষক মারিয়া খালকুলোভা। সুযোগ বুঝে বুদ্ধিদীপ্ত চিপ শটে বল জালে পাঠান আলমিনা।

তবে বাংলাদেশের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭ মিনিটে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে উজবেকিস্তান। নিজেদের বক্সের কাছে আইরিন খাতুন বলের নিয়ন্ত্রণ হারালে সেটি কেড়ে নেন লারাঙ্গিজ লাকায়েভা। এরপর বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানি রায়কে পরাস্ত করে গোল করেন তিনি।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও চলে সমানে সমান লড়াই। দুই দলই সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। বাংলাদেশের হয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে উজবেকিস্তানের বক্সে ঢুকে শট নিয়েছিলেন আলপি আক্তার। তবে তাঁর চেষ্টা ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

সময় গড়ানোর সঙ্গে আক্রমণের চাপ বাড়াতে থাকে উজবেকিস্তান। শেষ দিকে জয়ের খোঁজে আরও বেশি খেলোয়াড়কে আক্রমণে পাঠায় তারা। কিন্তু সেই সুযোগই কাজে লাগায় বাংলাদেশ।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সুরভী রানির দারুণ এক থ্রু পাস ধরে উজবেকিস্তানের গোলরক্ষককে একা পেয়ে যান রুনা আক্তার। সামনে শুধু গোলরক্ষক, এমন সুযোগ হাতছাড়া করেননি বাংলাদেশের এই ফরোয়ার্ড। তাঁর নিখুঁত শটে বল জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশের ফুটবলাররা।

এই জয়ে গ্রুপের প্রথম ম্যাচ থেকেই পূর্ণ তিন পয়েন্ট পেল বাংলাদেশ। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে উজবেকিস্তানের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরেছিল স্বাগতিকরা।

এখন বাংলাদেশের সামনে ফিলিপাইনের বাধা। আগামী রোববার (১১ অক্টোবর) গ্রুপের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে টিটুর দল। সেই ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।

বাছাইপর্বের আট গ্রুপের চ্যাম্পিয়নরা চীনে অনুষ্ঠেয় মূল আসরে খেলার সুযোগ পাবে।