logo

ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দুয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড

ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দুয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড

ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার পথে বড় পদক্ষেপ নিল ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্যাসেমিরো ও বেঞ্জামিন শেশকোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ব্রেন্টফোর্ডের হয়ে শেষদিকে এক গোল শোধ করেন ম্যাথিয়াস ইয়েনসেন।

এই জয়ে ৩৩ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে মাইকেল ক্যারিকের দল। চার ম্যাচ বাকি থাকতে ষষ্ঠ স্থানে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ দল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।

ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় ফেরার সম্ভাবনা সামনে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। দ্বিতীয় মিনিটেই ব্রেন্টফোর্ডের বক্সে ঢুকে কোবি মাইনু বল দেন আমাদকে, তবে তার শট ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারে যায়। অষ্টম মিনিটে হ্যারি ম্যাগুয়াইরের হেড ঠেকাতে দারুণ সেভ করতে হয় ব্রেন্টফোর্ড গোলরক্ষক কাওইমহিন কেলেহারকে।

তিন মিনিট পরই এগিয়ে যায় ইউনাইটেড। কর্নার থেকে ম্যাগুয়াইর আরেকটি হেড জিতে বল ফেরান গোলমুখে। ডিফেন্সের আড়াল থেকে উঠে এসে কঠিন কোণ থেকে হেডে বল জালে পাঠান ক্যাসেমিরো।

প্রথমার্ধে সুযোগ পেয়েছিল ব্রেন্টফোর্ডও। তবে ইগর থিয়াগো একাধিক সুযোগ কাজে লাগাতে পারেননি। ৩৫ মিনিটে গোল করার ভালো অবস্থানে থেকেও শট নেওয়ার আগেই ভারসাম্য হারান তিনি।

৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের নেতৃত্বে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। তিন বনাম দুই পরিস্থিতিতে পর্তুগিজ প্লেমেকার বল বাড়ান শেশকোর দিকে। স্লোভেনিয়ান ফরোয়ার্ড ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে ইউনাইটেডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখার দিকেই মনোযোগী ছিল ইউনাইটেড। ম্যাচ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ৮৭ মিনিটে ব্রেন্টফোর্ডকে ম্যাচে ফেরান ম্যাথিয়াস ইয়েনসেন। তার গোলে শেষ মুহূর্তে চাপ তৈরি হলেও সমতা ফেরাতে পারেনি সফরকারীরা।

এই জয়ে ইউনাইটেড এখন শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে। চতুর্থ স্থানে থাকা লিভারপুল ইউনাইটেডের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে, আর আগামী রোববার ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।