logo

মেসিহীন আর্জেন্টিনার শুরুটা হলো চার গোলের জয়ে

মেসিহীন আর্জেন্টিনার শুরুটা হলো চার গোলের জয়ে
আর্জেন্টিনা দল। ছবি: ফোটোবাইরেস

বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায়ের শুরুটা দাপুটেই করল আর্জেন্টিনা। লিওনেল মেসিকে ছাড়া প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে গোল করেছেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, ক্রিস্তিয়ান রোমেরো ও হোসে মানুয়েল লোপেস।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর বিদায়ী ম্যাচের জন্য দলে ফিরলেও বলিভিয়ার বিপক্ষে ছিলেন না তিনি। তাই নতুন প্রজন্মকে দেখে নেওয়ার সুযোগটাও কাজে লাগিয়েছেন স্কালোনি।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এক্সেকিয়েল পালাসিওসের সঙ্গে নিকো পাজ বারবার জায়গা তৈরি করছিলেন। সামনে একসঙ্গে শুরু করেন হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেজ।

১৯ মিনিটে আসে প্রথম গোল। ম্যাক অ্যালিস্টারের সোজা পাস বক্সের সামনে নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের নিখুঁত আড়াআড়ি শটে বল জালে পাঠান লাউতারো।

দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় মাত্র ১০ মিনিট। মাঝমাঠে বল পুনরুদ্ধারের পর পালাসিওসের দারুণ থ্রু পাসে রক্ষণ ভেঙে বেরিয়ে যান নিকো পাজ। এগিয়ে আসা গোলরক্ষক গিয়ের্মো ভিসকারার ওপর দিয়ে আলতো করে বল তুলে দিয়ে ব্যবধান ২-০ করেন কোমোর এই মিডফিল্ডার।

প্রথমার্ধের শেষ দিকে তৃতীয় গোলের সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেস। একেবারে একা গোলরক্ষকের সামনে চলে গেলেও সিদ্ধান্ত নিতে দেরি করায় সুযোগটি নষ্ট হয়। দুই গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান রোমেরো। ৫৩ মিনিটে নিকো পাজের কর্নার থেকে হেডে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক। নিজের প্রদেশ কর্দোবায় অধিনায়কের বাহুবন্ধনী পরে গোল। রোমেরোর জন্য রাতটা তাই হয়ে ওঠে আরও বিশেষ।

এরপর একসঙ্গে বেশ কয়েকটি পরিবর্তন করেন স্কালোনি। মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্তিন বারকো, লিওনার্দো বালের্দি, একি ফার্নান্দেস, সান্তিয়াগো সিমন ও হোসে লোপেস। এই ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেকও হয়েছে রোমান ভেগার।

শেষ গোলটি আসে ৮৬ মিনিটে। কিছুক্ষণ আগেই অফসাইডে গোল বাতিল হয়েছিল বদলি নামা হোসে লোপেসের। তবে দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করেননি তিনি। বলিভিয়ার রক্ষণ বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বক্সের ভেতর থেকে পায়ের ডগার শটে ৪-০ করেন লোপেস।

বলিভিয়া পুরো ম্যাচেই খুব কম সময় আর্জেন্টিনার রক্ষণকে চাপে ফেলতে পেরেছে। অন্যদিকে বল দখল, দ্রুত পুনরুদ্ধার ও আক্রমণের ধারায় ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় পুরো সময়ই ছিল স্বাগতিকদের হাতে।

এই জয়ে তিন ম্যাচের প্রীতি সিরিজ শুরু করল আর্জেন্টিনা। আগামী ৩ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। এরপর ৬ অক্টোবর একই মাঠে বেনিনের বিপক্ষে হবে মেসির বিদায়ী ম্যাচ।