মাত্র ১০০ রুপিতে বিক্রি হচ্ছে ভারতের ফুটবল ক্লাব

ভারতের শীর্ষ স্তরের ফুটবল ক্লাব জামশেদপুর এফসির মালিকানা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক টাটা স্টিল কর্তৃপক্ষ। মাত্র ১০০ রুপির বিনিময়ে ক্লাবটির শতভাগ মালিকানা পেতে যাচ্ছে ঐতিহ্যবাহী চার্চিল ব্রাদার্স।
টাটা স্টিলের মালিকানাধীন প্রতিষ্ঠান জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের অধীনেই পরিচালিত হয় জামশেদপুর এফসি। এক বিবৃতিতে টাটা স্টিল জানিয়েছে, প্রতিষ্ঠানটির পুরো অংশীদারত্ব চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেছে তাদের পরিচালনা পর্ষদের বিশেষ কমিটি।
চুক্তির আওতায় জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের ৪ কোটি ৮ লাখ শেয়ার চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করা হবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ রুপি হলেও পুরো মালিকানা বিক্রির প্রতীকী মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ রুপি।
ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে শেয়ার কেনাবেচার চুক্তিও হয়েছে। তবে মালিকানা হস্তান্তর সম্পন্ন করতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রয়োজন হবে।
মাত্র ১০০ রুপিতে মালিকানা বদলের বিষয়টি আলোচনার জন্ম দিলেও জামশেদপুর এফসির পরিচালনাকারী প্রতিষ্ঠানটির ২০২৫-২৬ অর্থবছরের টার্নওভার ছিল ৩২ কোটি ২৩ লাখ রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জামশেদপুর এফসি কিনতে আরও দুটি বড় প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত চার্চিল ব্রাদার্সের সঙ্গে চুক্তি করেছে টাটা স্টিল।
টাটা স্টিলের করপোরেট সার্ভিসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডি বি সুন্দর রামম বলেন, ‘ভারতীয় ফুটবলে চার্চিল ব্রাদার্সের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এই চুক্তির ফলে আমাদের খেলোয়াড় ও কোচদের ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে, এতে আমরা আনন্দিত।’
২০১৭ সালে প্রতিষ্ঠিত জামশেদপুর এফসি ইন্ডিয়ান সুপার লিগের পরিচিত দল। ক্লাবটির মালিকানা পাওয়ার মাধ্যমে ভারতের শীর্ষ স্তরের ফুটবলে চার্চিল ব্রাদার্সের নতুনভাবে প্রবেশের পথও তৈরি হতে পারে। তবে সেটি নির্ভর করবে ফেডারেশনের অনুমোদন এবং সংশ্লিষ্ট প্রতিযোগিতার নিয়ম পূরণের ওপর।
জামশেদপুর এফসির দায়িত্ব ছাড়লেও ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছে না টাটা স্টিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন তাদের মূল মনোযোগ থাকবে টাটা ফুটবল একাডেমি ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড় উন্নয়ন কার্যক্রমে।
টাটা ফুটবল একাডেমি থেকে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন জাতীয় দলের হয়ে খেলা দেড় শতাধিক ফুটবলার উঠে এসেছেন। তাদের মধ্যে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায় মিলিয়ে ২৬ জন ভারতীয় দলের অধিনায়কত্বও করেছেন।



