প্রথম জয়ের আশা জাগিয়েও হার নারী হকি দলের

এশিয়ান গেমসে প্রথম জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশ নারী হকি দলকে। চাইনিজ তাইপের বিপক্ষে একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
রোববার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র শেষ ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতা ফেরার পাঁচ মিনিট পর আবারও জালের দেখা পান তিনি। ২৪তম মিনিটে কনার দ্বিতীয় গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
তবে সেই লিড ধরে রাখা যায়নি। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে ৪৫তম মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। শেষ কোয়ার্টারে আবারও গোল করেন হুয়াং ইউ-টিং। তার দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে চাইনিজ তাইপে।
এই হারে পাঁচ ম্যাচের গ্রুপপর্ব শেষ করল বাংলাদেশ। এশিয়ান গেমস নারী হকিতে অভিষেক আসরে প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে হারে তারা। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ ব্যবধানে পরাজিত হয়।
চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে আসরে প্রথম পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করলেও তা আর ধরে রাখা যায়নি।
পাঁচ ম্যাচে একটি ড্র ও চার হারে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের পঞ্চম স্থানে থেকে অভিযান শেষ করেছে বাংলাদেশ।
