Advertisement

শোক সামলে ফেরা মেসির জন্য সময় চাইলেন মায়ামি কোচ

এশিয়া পোস্ট স্পোর্টস
শোক সামলে ফেরা মেসির জন্য সময় চাইলেন মায়ামি কোচ
লিওনেল মেসি। ছবি: গেটি ইমেজ

বাবাকে হারানোর শোক সঙ্গে নিয়েই আবার মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে এই কঠিন সময়ে আর্জেন্টাইন তারকাকে ঘিরে বাড়তি কৌতূহল না দেখিয়ে কিছুটা ব্যক্তিগত সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস।

Advertisement

গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। বাবার শেষকৃত্যে যোগ দিতে রোজারিও গিয়েছিলেন মেসি। সেখান থেকে মায়ামিতে ফিরে আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

মেসির মানসিক অবস্থার কথা তুলে ধরে হয়োস বলেন, ‘সবকিছু ধীরে ধীরে এগোতে হবে। তার মধ্যে গভীর কষ্ট রয়েছে এবং এটি রাতারাতি বদলে যাওয়ার বিষয় নয়।’

মেসিকে স্বাভাবিক হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মায়ামি কোচ বলেন, ‘আমার মনে হয়, নীরবতাই এখন সবচেয়ে ভালো পথ। নীরবতা, স্থিরতা ও শান্তি দরকার, যাতে সে নিজের মতো করে সময় নিতে পারে। আমাদের নীরবেই তার পাশে থাকতে হবে।’

বুধবার লিগস কাপে ক্লাব লিওনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন মেসি। শুরুর একাদশে না থাকলেও বিরতির পর বদলি হিসেবে নেমে শেষ ৪৫ মিনিট খেলেন তিনি। মাঠে নামার সময় গ্যালারির দর্শকেরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।

এমন কঠিন সময়েও দলের হয়ে খেলায় মেসির প্রতিশ্রুতির প্রশংসা করেছেন হয়োস। তিনি বলেন, ‘তার প্রতিশ্রুতি বোঝানোর মতো কোনো শব্দ নেই। এখানে খেলোয়াড় হিসেবে তার মূল্য নয়, একজন অসাধারণ ও বড় হৃদয়ের মানুষ হিসেবে তার কথা বলছি।’

শুক্রবার দলের সঙ্গে পুরো অনুশীলন করেছেন মেসি। শনিবার মেজর লিগ সকারে ন্যাশভিল এসসির মাঠে খেলবে ইন্টার মায়ামি। এরপর আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে দলটি।

শোক সামলে ফেরা মেসির জন্য সময় চাইলেন মায়ামি কোচ