আর্জেন্টিনার সামনে ৩ প্রীতি ম্যাচ, মেসিকে কী শেষবার মাঠে দেখা যাবে?

২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর প্রথমবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সম্ভাব্য প্রতিপক্ষ বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিন। তবে সূচিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এএফএ।
পরিকল্পনা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো ও ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলার কথা বিশ্বকাপের রানার্সআপদের। শেষ দুটি ম্যাচ বুয়েনস আইরেসে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে চূড়ান্ত ঘোষণার আগে ফিফার অনুমোদনের অপেক্ষায় এএফএ। ম্যাচগুলো ‘ক্লাস এ’ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃতি পাবে কি না, সেটিই মূল বিষয়। বুরকিনা ফাসো ও বেনিন আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বে খেলবে এবং বলিভিয়ারও অন্য ম্যাচ রয়েছে। ফলে আন্তর্জাতিক উইন্ডোর বিধি মেনে তিন ম্যাচ আয়োজনের জন্য ফিফার ছাড়পত্র প্রয়োজন।
ম্যাচগুলো ক্লাস এ হিসেবে স্বীকৃতি পেলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদার শাস্তির ম্যাচ হিসেবেও সেগুলো গণ্য হতে পারে। পাশাপাশি ফল প্রভাব ফেলবে ফিফা র্যাঙ্কিংয়ে।
এই তিন ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ অবশ্য লিওনেল মেসিকে নিয়ে। ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা এই তারকা। ফলে নিয়মিত জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তার ফেরার সম্ভাবনা নেই।
তবে মেসিকে দেশের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে এএফএ বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে খবর এসেছে। এমনকি আসন্ন প্রীতি ম্যাচগুলোর কোনো একটিতে বা একাধিকটিতে বিশেষ বিদায়ী ম্যাচ হিসেবে তাকে খেলানোর প্রস্তাব দেওয়ার কথাও আলোচনায় রয়েছে। তবে মেসি এতে সম্মতি দিয়েছেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলে আরও একটি বড় অনিশ্চয়তা লিওনেল স্কালোনিকে ঘিরে। তার বর্তমান চুক্তি ডিসেম্বর পর্যন্ত। এএফএ তাকে ধরে রাখতে চাইলেও এখনো নতুন চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্কালোনিও বিশ্বকাপের পর জানিয়েছিলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান।
নতুন চক্রের শুরুতে কয়েকজন তরুণ ফুটবলারকে পরীক্ষা করার পরিকল্পনাও রয়েছে। বিশ্বকাপে খেলা কয়েকজন প্রতিষ্ঠিত তারকাকে এই উইন্ডোতে বিশ্রাম দিয়ে নতুন মুখ দেখার সুযোগ তৈরি হতে পারে।


