দুই চ্যাম্পিয়নের লড়াই দিয়ে আজ শুরু প্রিমিয়ার লিগ

এক দল ইংল্যান্ডের শীর্ষ লিগের চ্যাম্পিয়ন, অন্য দল দ্বিতীয় স্তরের সেরা। দুই চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই দিয়েই আজ পর্দা উঠছে ২০২৬-২৭ ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের।
এমিরেটস স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপজয়ী কভেন্ট্রি সিটি। ইংল্যান্ডে ম্যাচটি শুক্রবার রাতে হলেও বাংলাদেশ সময় শুরু হবে শুক্রবার দিবাগত রাত ১টায়।
গত মৌসুমে ২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল মিকেল আর্তেতার আর্সেনাল। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। কাজটি মোটেই সহজ নয়। ইংল্যান্ডের শীর্ষ লিগে আর্সেনাল সর্বশেষ টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৩৪-৩৫ মৌসুমে।
অন্যদিকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে চ্যাম্পিয়নশিপ জিতে দীর্ঘ ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে কভেন্ট্রি। প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই তাদের পরীক্ষা দিতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নের মাঠে। ফলে কাগজে-কলমে দুই চ্যাম্পিয়নের লড়াই হলেও শক্তির বিচারে পরিষ্কারভাবে এগিয়ে আর্সেনাল।
শিরোপা ধরে রাখার দৌড়েও আর্সেনালকেই এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস। অপটার হিসাবে গানারদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৮ শতাংশ। গত মৌসুমের রানার্সআপ ম্যানচেস্টার সিটির সম্ভাবনা ধরা হয়েছে ২০ দশমিক ৫ শতাংশ।
তবে নতুন মৌসুমে ইংল্যান্ডের বড় কয়েকটি ক্লাবই বদলে গেছে। পেপ গার্দিওলার বিদায়ের পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েছেন এনজো মারেসকা। লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা এবং চেলসির দায়িত্বে এসেছেন জাবি আলোনসো। মাইকেল ক্যারিকের অধীনে প্রথম পূর্ণ মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম সপ্তাহেই বড় দলগুলোর বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচ রয়েছে। শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় নবাগত হাল সিটির মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত সাড়ে ১০টায় ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে টটেনহাম।
রোববার সন্ধ্যা ৭টায় বোর্নমাউথের বিপক্ষে অভিযান শুরু করবে ম্যানচেস্টার সিটি। একই সময়ে ব্রাইটনের মাঠে নামবে অ্যাস্টন ভিলা। রাত সাড়ে ৯টায় প্রথম সপ্তাহের অন্যতম বড় ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে লিভারপুল।
প্রথম পর্ব শেষ হবে লন্ডন ডার্বি দিয়ে। সোমবার দিবাগত রাত ১টায় ফুলহামের মাঠে খেলবে জাবি আলোনসোর চেলসি।
এবার প্রিমিয়ার লিগে উঠে এসেছে কভেন্ট্রির সঙ্গে হাল সিটি ও ইপসউইচ টাউন। নতুন তিন দলের টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি আর্সেনালের শিরোপা ধরে রাখার চেষ্টা, নতুন কোচদের অধীনে সিটি-লিভারপুল-চেলসির বদলে যাওয়া এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর অভিযান ঘিরে জমজমাট মৌসুমের অপেক্ষা।
আগামী বছরের ৩০ মে শেষ হবে মৌসুম। তার আগে ২০ দলের ৩৮০ ম্যাচের দীর্ঘ লড়াইয়ে নির্ধারিত হবে, আর্সেনাল শিরোপা ধরে রাখতে পারবে নাকি ইংল্যান্ড পাবে নতুন চ্যাম্পিয়ন।



