হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন মাস্তানতুয়োনো

ফিওরেন্তিনার হয়ে প্রথম গোলের রাতটাই স্মরণীয় করে রাখলেন আর্জেন্টিনার তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। ভেনেজিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে মৌসুমের প্রথম জয় এনে দেওয়ার পাশাপাশি ভেঙেছেন লিওনেল মেসির রেকর্ডও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন হিসেবে এক ম্যাচে তিন গোল করার কীর্তি এখন রিয়াল থেকে ধারে খেলতে যাওয়া এই তরুণের ।
শুক্রবার রাতে ইতালিয়ান সিরি আতে ভেনেজিয়ার মাঠে ৪-২ গোলে জিতেছে ফিওরেন্তিনা। মাস্তানতুয়োনোর তিন গোলের সঙ্গে আরেক আর্জেন্টাইন মাতেও পেল্লেগ্রিনোর গোল দলটির টানা তিন হারের বৃত্ত ভেঙেছে।
এই হ্যাটট্রিকের দিন মাস্তানতুয়োনোর বয়স ছিল ১৯ বছর ২৮ দিন। এত দিন রেকর্ডটি ছিল মেসির দখলে। বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকের সময় তার বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। অর্থাৎ, মেসির চেয়ে ২৩১ দিন কম বয়সে কীর্তিটি গড়লেন মাস্তানতুয়োনো। একই সঙ্গে সিরি আতে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ বিদেশি ফুটবলারও হয়েছেন তিনি।
মেসির সেই স্মরণীয় ম্যাচটি হয়েছিল ২০০৭ সালের ১০ মার্চ। ন্যু ক্যাম্পে তিনবার পিছিয়ে পড়েও তার হ্যাটট্রিকে রিয়ালের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল বার্সেলোনা। প্রায় দুই দশক পর সেই বয়সের রেকর্ড ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনারই আরেক তরুণ।
ভেনেজিয়ার বিপক্ষে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল ফিওরেন্তিনাও। ২২ মিনিটে আকোর অ্যাডামসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন মাস্তানতুয়োনো। ২৯ মিনিটে ডান দিক থেকে ভেতরে ঢুকে বাঁ পায়ের শটে সমতা ফেরান। পরের মিনিটেই বেতোর পাস থেকে আরেকটি বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন তিনি।
বিরতির পর ৬৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়ান পেল্লেগ্রিনো। ৮৪ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মাস্তানতুয়োনো। দুই মিনিট পর আন্তোয়ান হাইনো ভেনেজিয়ার হয়ে আরেকটি গোল করলেও ততক্ষণে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত।
এই জয়ে চার ম্যাচে প্রথম তিন পয়েন্ট পেল ফিওরেন্তিনা। কোচ হিসেবে ফিরে পাওলো ভানোলিও শুরু করলেন জয় দিয়ে।
রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় আসা মাস্তানতুয়োনোর জন্য রাতটি ছিল আরও বিশেষ। নতুন ক্লাবের হয়ে গোলের খাতা খোলার সঙ্গে পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও পেয়ে গেলেন তিনি।


