logo

টানা ১১ জয়ের পর বার্সার হার 

টানা ১১ জয়ের পর বার্সার হার 

স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে দেখা দিল নতুন টুইস্ট। লিগ লিডার বার্সেলোনার টানা জয়ের ধারা থামিয়ে দিল রিয়াল সোসিয়েদাদ। শনিবার (১৭ জানুয়ারি) রাতে সোসিয়েদাদের ঘরের মাঠ আনোয়েতায় নাটকীয় লড়াইয়ে হ্যান্সি ফ্লিকের দলকে ২–১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এই পরাজয়ে লিগে বার্সার নয় ম্যাচের জয়রথ থেমেছে, আর পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান নেমে এসেছে মাত্র এক পয়েন্টে।

ম্যাচের শুরু থেকেই দুই দলই উচ্চ তালে খেলেছে। প্রথম সাত মিনিটেই দুটি গোল হলেও দুটিই বাতিল হয়—ওয়ারসাবালের গোল অফসাইডে এবং ফারমিনের গোল ভিএআরে ফাউলের কারণে।

এরপর বল দখলে এগিয়ে থাকে বার্সা, কিন্তু গোল আসে সোসিয়েদাদের পক্ষে। ৩৩তম মিনিটে গঁসালো গেদেসের ক্রসে ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন মিখেল ওয়ারসাবাল (১–০)।

এর আগে ফ্রেংকি ডি ইয়ং ও লামিন ইয়ামালের দুটি গোল খুব সামান্য অফসাইডে বাতিল হয়। বিরতির ঠিক আগে লামিনের ওপর ফাউলের জন্য পেনাল্টি দিলেও ভিএআর রিভিউতে তা বাতিল হয়। ফলে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা। দানি ওলমো পরপর দু’বার পোস্টে শট মারেন। লামিন ইয়ামালের একাধিক প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন গোলরক্ষক রেমিরো।

এরপর ৬০ মিনিটের পর হান্সি ফ্লিক মাঠে নামান ক্যানসেলো, লেভানডভস্কি ও মার্কাস রাশফোর্ডকে—আক্রমণ বাড়ানোর লক্ষ্যে।

৭০তম মিনিটে সেই চাপের ফল মেলে। লামিনের নিখুঁত ক্রসে হেডে গোল করেন রাশফোর্ড (১–১)।

সমতায় ফেরার পর ম্যাচ যেখানে বার্সার দিকেই ঝোঁকার কথা। কিন্তু মাত্র এক মিনিট পরেই পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় সোসিয়েদাদ। কার্লোস সোলারের হেডে জোয়ান গার্সিয়া ছুঁয়ে দিলে রিবাউন্ড থেকে গোল করেন গঁসালো গেদেস (২–১)।

শেষ দিকে বার্সা মরিয়া হয়ে আক্রমণ চালায়। কুন্দের হেড ক্রসবারে লাগে, আর রাশফোর্ডের সরাসরি কর্নারও পোস্টে বাধা পায়। শেষ পর্যন্ত লিড ধরে রাখে সোসিয়েদাদ।

এই জয়ে সোসিয়েদাদ যেমন আত্মবিশ্বাস পেল, তেমনি বার্সার জন্য শিরোপা লড়াই আরও কঠিন হলো। রিয়াল মাদ্রিদ এখন বার্সার মাত্র এক পয়েন্ট পেছনে।