logo
Advertisement

এমবাপ্পে ও নিজেকে বিশ্বসেরা বললেন ইয়ামাল, দাবি ব্যালন ডি’অরেরও

এমবাপ্পে ও নিজেকে বিশ্বসেরা বললেন ইয়ামাল, দাবি ব্যালন ডি’অরেরও
লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: গেটি ইমেজ

বিশ্বের সেরা ফুটবলার কারা, এ প্রশ্নে খুব একটা দ্বিধা নেই লামিনে ইয়ামালের। বার্সেলোনার তরুণ তারকার চোখে এখন সেরা দুজন তিনি ও কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যালন ডি’অর কার প্রাপ্য, সেখানে রিয়াল মাদ্রিদ তারকাকে নয়, নিজেকেই এগিয়ে রাখছেন ইয়ামাল।

মুভিস্টার প্লাসের ‘ইউনিভার্সো ভালদানো’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামালকে জিজ্ঞেস করা হয়, ব্যালন ডি’অর কাকে দেওয়া উচিত। তার উত্তর, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে।’

সেই সেরা খেলোয়াড় কে, আরও নির্দিষ্ট করে জানতে চাইলে ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় বিশ্বের সেরা আমরা দুজন। তবে এ বছর আমি যা জিতেছি, তার জন্য ব্যালন ডি’অর আমার প্রাপ্য। আমার কাছে আমি ও এমবাপ্পে বিশ্বের সেরা দুই খেলোয়াড়।’

নিজের মূল্যায়ন নিয়ে কোনো সংশয়ও নেই ইয়ামালের। সাক্ষাৎকারে এরপর তাকে প্রশ্ন করা হয়, বিষয়টি তার কাছে এতটাই পরিষ্কার কি না। ইয়ামালের জবাব, ‘হ্যাঁ। যারা ম্যাচ দেখে, সবাই সেটা জানে।’

গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জেতার পাশাপাশি স্পেনের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমে তার ছিল ২৪ গোল ও ১৮ সহায়তা। অন্যদিকে এমবাপ্পে ব্যক্তিগতভাবে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন রিয়ালের হয়ে এবং বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। ফলে এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে দুজনই রয়েছেন আলোচনার সামনের সারিতে।

কয়েক দিন আগেই অবশ্য ব্যালন ডি’অরের জন্য প্রচারণা চালানোর প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন ইয়ামাল। তখন তিনি বলেছিলেন, পুরস্কারের জন্য ‘অনুনয়’ করবেন না; বার্সেলোনা ও স্পেনের হয়ে মাঠে যা করেছেন, সেটিই তাঁর পক্ষে কথা বলবে।

এবারের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ইয়ামাল ও এমবাপ্পে দুজনই আছেন। আগামী ২৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।