কক্সবাজার পৌঁছেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার মেসুত ওজিল

জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে একটি তুর্কি প্রতিনিধিদল কক্সবাজারে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা একটি ব্যক্তিগত উড়োজাহাজে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
১৩ সদস্যের এই প্রতিনিধিদলকে বিমানবন্দরে স্বাগত জানান জেলা প্রশাসক আ. মান্নান এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবে। তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে একটি সমন্বয় সভায় অংশ নেবেন এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। পরিদর্শনের তালিকায় রয়েছে উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর ক্যাম্প।
দলের সঙ্গে রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সভাপতি আব্দুল্লাহ এরেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
এদিন রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর প্রতিনিধিদল ঘুমধুম ইয়াহিয়া গার্ডেন এলাকায় অবস্থিত টিকা কিচেন সেন্টারে পবিত্র মাহে রমজানের প্রথম দিনের ইফতারে অংশ নেবেন বলে জানা গেছে।
একদিনের এই সফরে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা, অবকাঠামোগত চাহিদা এবং মানবিক সহায়তার অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন তারা। সফর শেষে প্রতিনিধিদলের ঢাকায় ফেরার কথা রয়েছে।