মেসির জন্য বছরে ৮৫৪ কোটি টাকা খরচ মায়ামির

যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাকে দলে নেওয়ার পর শুধু মাঠে নয়, ব্যবসায়িক দিক থেকেও বদলে গেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির চেহারা। সেই কারণেই মেসির জন্য বিপুল অঙ্ক খরচ করতেও দ্বিধা নেই ক্লাবটির মালিকদের।
ক্লাবের সহ–মালিক হোর্হে মাসের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, বেতন, বোনাস ও ইকুইটি সুবিধা মিলিয়ে মেসির পেছনে বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার খরচ হয়। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার = ১২২ টাকা) এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৮৫৪ কোটি থেকে ৯৭৬ কোটি টাকা।
২০২৫ সালে নতুন চুক্তিতে সই করেন মেসি, যা তাকে ২০২৮ মৌসুম পর্যন্ত ইন্টার মায়ামিতেই রাখবে। চুক্তির কাঠামো অনুযায়ী ভবিষ্যতে ক্লাবের আংশিক মালিক হওয়ার সুযোগও থাকতে পারে তার।
মেসিকে নিয়ে খরচের প্রসঙ্গে হোর্হে মাস বলেন, ‘মেসির জন্য বছরে ৭০–৮০ মিলিয়ন ডলার দিতে হয়। কিন্তু সে প্রতিটি পয়সারই যোগ্য।’
Inter Miami owner Jorge Mas said this week that Lionel Messis compensation amounts to about $70 million to $80 million a year, when including his ownership share in the team.
According to the MLS Players Association salary release, Messi makes a base salary of $12 million, pic.twitter.com/cV75x2f0gc
— The Athletic | Football (@TheAthleticFC) March 7, 2026
মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবের আর্থিক চিত্রও বদলে গেছে। ২০২২ সালে যেখানে ক্লাবটির আয় ছিল প্রায় ৫৬ মিলিয়ন ডলার, সেখানে গত মৌসুমে তা বেড়ে প্রায় ২০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
ক্লাবটির আয়ের বড় অংশ আসে স্পনসরশিপ ও বাণিজ্যিক চুক্তি থেকে, যা মোট আয়ের প্রায় ৫৫ শতাংশ। মেসির উপস্থিতিই এই বাণিজ্যিক সাফল্যের বড় কারণ বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ।
সব মিলিয়ে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যবসায়িক মূল্যেও মেসি এখন ইন্টার মায়ামির সবচেয়ে বড় সম্পদ।
সূত্র: ব্লুমবার্গ