logo
Advertisement

৮৮ বছর পর ব্রেন্টফোর্ডের কাছে এমন হার চেলসির

৮৮ বছর পর ব্রেন্টফোর্ডের কাছে এমন হার চেলসির
ব্রেন্টফোর্ডের কাছে পাত্তাই পায়নি চেলসি। ছবি: গেটি ইমেজ

প্রিমিয়ার লিগে চেলসির দুঃসময় যেন কাটছেই না। ব্রেন্টফোর্ডের মাঠে ৩-০ গোলে হেরে টানা তৃতীয় লিগ ম্যাচেও জয় পেল না জাবি আলোনসোর দল। এছাড়াও পাঁচ ম্যাচেই ১২ গোল হজম করা চেলসির রক্ষণ নিয়ে প্রশ্ন এখন আরও বড় হয়ে উঠেছে।

শুক্রবার রাতে জিটেক কমিউনিটি স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রেন্টফোর্ড। স্বাগতিকদের হয়ে গোল করেন জাইডন অ্যান্থনি, ইগর থিয়াগো ও বদলি নামা ফাবিও কারভালহো। এই জয়ে ১৯৩৮ সালের পর প্রথমবার ঘরের মাঠে লিগে চেলসিকে হারাল ব্রেন্টফোর্ড।

অন্যদিকে মৌসুমের শুরুতে ফুলহাম ও ব্রাইটনের বিপক্ষে জয়ে সম্ভাবনা দেখালেও দ্রুতই ছন্দ হারিয়েছে চেলসি। শেষ তিন লিগ ম্যাচে তাদের জয় নেই। একই সঙ্গে টানা ২১ প্রিমিয়ার লিগ ম্যাচে ক্লিনশিট রাখতে পারেনি লন্ডনের ক্লাবটি।

চোটও সমস্যায় ফেলেছে আলোনসোকে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে জোয়াও পেদ্রো ও রিস জেমস ছিলেন না। শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন আনলেও তাতে খুব একটা লাভ হয়নি। বলের দখলে এগিয়ে থেকেও পরিষ্কার সুযোগ তৈরিতে ভুগেছে চেলসি।

ম্যাচ শেষে আলোনসো স্বীকার করেন, পুরো ৯০ মিনিট একই মান ও মনোযোগ ধরে রাখতে পারছে না তার দল।