Advertisement

মাত্র ৩ সেকেন্ডে গোল, আর্জেন্টিনায় নতুন ইতিহাস

এশিয়া পোস্ট স্পোর্টস
মাত্র ৩ সেকেন্ডে গোল, আর্জেন্টিনায় নতুন ইতিহাস
ছবি: এনডিজিটাল

রেফারির বাঁশিতে ম্যাচ শুরু হলো। মাঝমাঠ থেকে বল পেছনে পাঠানো হলো এক সতীর্থের কাছে। নিজেদের অর্ধে দাঁড়িয়ে থাকা সেই ফুটবলার দেখলেন, প্রতিপক্ষ গোলরক্ষক অনেকটা সামনে। সঙ্গে সঙ্গেই দূরপাল্লার শট। গোলরক্ষক পেছনে ফেরার আগেই বল জালে। ততক্ষণে ম্যাচের বয়স মাত্র তিন সেকেন্ড!

Advertisement

আর্জেন্টিনার মার দেল প্লাতার স্থানীয় ফুটবলে অবিশ্বাস্য এই গোল করেছেন এল কানিওনের আইতচুরি ইসাসমেন্দি। নাসিওনের বিপক্ষে তার গোলটিকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের দ্রুততম হিসেবে দাবি করছে দেশটির সংবাদমাধ্যম।

মারিও দেলা তোরে স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বল পেছনে পান ইসাসমেন্দি। নিজেদের অর্ধের কয়েক মিটার ভেতরে থাকা অবস্থায় মাথা তুলে প্রতিপক্ষ গোলরক্ষকের অবস্থান দেখে নেন তিনি। গোলরক্ষককে অনেকটা এগিয়ে থাকতে দেখে কোনো সময় নষ্ট না করে সরাসরি শট নেন।

তার দূরপাল্লার শটটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে গিয়ে জড়ায়। ম্যাচের অন্য খেলোয়াড়েরা নিজেদের জায়গায় ঠিকমতো দাঁড়ানোর আগেই এগিয়ে যায় এল কানিওন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গোলটির ভিডিও দ্রুতই আলোচনায় আসে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে গোলটিকে দেশটির ফুটবল ইতিহাসের দ্রুততম হিসেবে উল্লেখ করেছে। এএনডিজিটালের হিসাবেও মাত্র তিন সেকেন্ডে করা ইসাসমেন্দির গোলটি আগের রেকর্ড ভেঙেছে।

এর আগে আর্জেন্টিনার বিভিন্ন স্তরের ফুটবল মিলিয়ে দ্রুততম গোলের রেকর্ডটি ছিল হুলিয়ান রদ্রিগেস সেগেরের। ২০২৩ সালে লিনিয়ার্সের হয়ে হুস্তো হোসে দে উরকিসার বিপক্ষে ম্যাচ শুরুর চার সেকেন্ডের মধ্যে গোল করেছিলেন তিনি। মাঝমাঠ থেকে নেওয়া সেই শটেই ম্যাচটি ১-০ গোলে জিতেছিল লিনিয়ার্স।

আর্জেন্টিনার সর্বোচ্চ স্তরের ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড কার্লোস দান্তন সেপ্পাকুয়েরসিয়ার। ১৯৭৯ সালে হিমনাসিয়া লা প্লাতার হয়ে হুরাকানের বিপক্ষে পাঁচ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। মাঝমাঠ থেকে নেওয়া সেই শটও এগিয়ে থাকা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে ঢুকেছিল।

ইসাসমেন্দি এবার আগের চার সেকেন্ডের রেকর্ড থেকে আরও এক সেকেন্ড কমিয়ে দিলেন। স্থানীয় পর্যায়ের ম্যাচ হওয়ায় গোলটি আনুষ্ঠানিকভাবে রেকর্ডের স্বীকৃতি পাবে কি না, সেটি এখনো পরিষ্কার নয়। তবে আর্জেন্টিনার ফুটবলে এত অল্প সময়ে গোল করার আর কোনো ঘটনা সংবাদমাধ্যমের নথিতে নেই।

মাত্র ৩ সেকেন্ডে গোল, আর্জেন্টিনায় নতুন ইতিহাস