Advertisement
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন

দশ বছরের সাফল্যের পর সিটি ছাড়ছেন গার্দিওলা

এশিয়া পোস্ট স্পোর্টস
দশ বছরের সাফল্যের পর সিটি ছাড়ছেন গার্দিওলা
পেপ গার্দিওলা। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটিতে স্প্যানিশ কিংবদন্তি পেপ গার্দিওলার সাফল্যে মোড়া অধ্যায় শেষের পথে। এক দশক ধরে ইংলিশ ফুটবলের চেহারা বদলে দেওয়া এই কোচ চলতি মৌসুম শেষে সিটির দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, মৌসুম শেষেই সিটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন গার্দিওলা। ২০১৬ সালে ইতিহাদে যোগ দেওয়ার পর ১০ বছরে সিটির হয়ে ২০টি বড় শিরোপা জিতেছেন ৫৫ বছর বয়সি এই কোচ। চলতি মৌসুমে তার দল জিতেছে কারাবাও কাপ ও এফএ কাপ। শনিবার চেলসিকে হারিয়ে এফএ কাপ জয়ের মধ্য দিয়ে সিটির ডাগআউটে নিজের ২০তম ট্রফি জেতেন গার্দিওলা।

গার্দিওলার সঙ্গে সিটির চুক্তি ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। ২০২৪ সালের নভেম্বরে নতুন চুক্তিতে সই করেছিলেন তিনি। ক্লাবের অবস্থানও এতদিন ছিল, গার্দিওলার চুক্তির আরও এক বছর বাকি এবং তাকে ধরে রাখার ব্যাপারে তারা আশাবাদী। তবে সাম্প্রতিক সময়ে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছিল।

সিটির সামনে এখনো মৌসুমের দুটি ম্যাচ বাকি বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। ২৪ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইতিহাদের ম্যাচটি হতে পারে গার্দিওলার সিটি ক্যারিয়ারের শেষ ম্যাচ। সেই ম্যাচে আর্সেনালের দুই পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শিরোপা জয়ের সুযোগ থাকলে বিদায়টা আরও নাটকীয় হতে পারে।

সিটিতে গার্দিওলার সাফল্য শুধু ট্রফির সংখ্যায় মাপা কঠিন। তার অধীনে সিটি জিতেছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা। ২০২৩ সালে এসেছে ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ। সেই মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতে ঐতিহাসিক ট্রেবলও পূর্ণ করেছিল সিটি।

তার সময়ে সিটি প্রিমিয়ার লিগে আধিপত্যের নতুন মানদণ্ড তৈরি করেছে। ২০২০-২১ থেকে ২০২৩-২৪ পর্যন্ত টানা চার লিগ শিরোপা জিতে ইংলিশ শীর্ষ লিগের ইতিহাসে নজির গড়ে তারা। ২০১৭-১৮ মৌসুমে ১০০ পয়েন্টের রেকর্ডও গার্দিওলার সিটিরই।

গার্দিওলার সম্ভাব্য বিদায়ের সময়টাও গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টির বেশি অভিযোগ নিয়ে তদন্তের ফল ও সম্ভাব্য শাস্তির সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। সিটি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।

গার্দিওলার ঘনিষ্ঠ সহযোগী ও দীর্ঘদিনের ফুটবল পরিচালক চিকি বেগিরিস্তাইন গত মৌসুম শেষে ক্লাব ছেড়েছেন। তার জায়গায় স্পোর্টিং সিপির হুগো ভিয়ানা দায়িত্ব নিয়েছেন। এবার গার্দিওলার বিদায় হলে সিটির কাঠামোতেও বড় পরিবর্তনের অধ্যায় শুরু হবে।

নতুন কোচ হিসেবে মারেস্কার নাম এখন সবচেয়ে জোরালোভাবে আলোচনায়। ইতালিয়ান এই কোচের সিটির সঙ্গে পুরোনো সম্পর্ক আছে। ২০২০-২১ মৌসুমে সিটির অনূর্ধ্ব-২১ দলকে কোচিং করিয়েছিলেন তিনি। ২০২২ সালে আবার গার্দিওলার সহকারী হিসেবে প্রথম দলে ফেরেন।

২০২৪ সালে লেস্টার সিটিকে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে তুলেই চেলসির দায়িত্ব নেন মারেস্কা। চেলসিতে প্রথম মৌসুমে দলকে চ্যাম্পিয়নস লিগে তুলেছিলেন, জিতেছিলেন কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপও। তবে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি থাকলেও চলতি বছরের জানুয়ারিতে স্টামফোর্ড ব্রিজ ছাড়েন তিনি।

সিটির জন্য গার্দিওলার বিদায় শুধু একজন কোচ হারানো নয়; এটি এক যুগান্তকারী ফুটবল-দর্শনের সমাপ্তিও। বিল্ড-আপ প্লে, পজেশন নিয়ন্ত্রণ, গোলরক্ষককে আক্রমণ গঠনের অংশ বানানো, ডিফেন্ডারদের পাসিং ঝুঁকি নেওয়া ইংলিশ ফুটবলে এসব ধারণাকে মূলধারায় এনে দিয়েছেন তিনি। সিটির সাফল্য দেখে ইংল্যান্ডের বিভিন্ন স্তরের দলও তার পদ্ধতি অনুসরণ করেছে।

তবে সিটির সামনে এখন নতুন বাস্তবতা। গার্দিওলা চলে গেলে শুধু ডাগআউট নয়, ড্রেসিংরুমেও বদল আসতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বার্নার্দো সিলভা ও জন স্টোনসও এই গ্রীষ্মে বিদায় বলতে যাচ্ছেন। এক দশকের স্থিতিশীলতার পর তাই ম্যানচেস্টার সিটির সামনে অপেক্ষা করছে বড় এক মৌসুম।