গার্দিওলাকে কোচ হিসেবে পেতে চায় ইতালি

ইতালি জাতীয় দলের নতুন কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়োগের চেষ্টা চলছে। স্প্যানিশ এই কোচের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো।
চলতি গ্রীষ্মে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন গার্দিওলা। ইংলিশ ক্লাবটির সঙ্গে এক দশকের সফল অধ্যায় শেষ করার পর থেকেই তার পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা চলছে। এবার চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির দায়িত্বে দেখা যেতে পারে ৫৫ বছর বয়সী এই কোচকে।
ইতালির ক্রীড়াবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রোনাকে দি স্পোলিয়াতোকে মালাগো জানিয়েছেন, গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে। তার মতো বড় মাপের কোচকে নিয়োগ দিতে ফেডারেশন নিজেদের প্রচলিত আর্থিক কাঠামোয় কিছুটা ছাড় দিতেও প্রস্তুত।
তবে আলোচনা হলেও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। মালাগো বলেন, গার্দিওলার মতো নামের ক্ষেত্রে আর্থিক ব্যতিক্রম করা হতে পারে। তবে শেষ পর্যন্ত তাকে নিয়োগ দেওয়া সম্ভব হবে কি না, সেই নিশ্চয়তা নেই।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইতালির শূন্য কোচের পদ নিয়ে গার্দিওলার সঙ্গে যোগাযোগের এটিই প্রথম প্রকাশ্য স্বীকৃতি। বিষয়টি নিয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন আলাদাভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে ইতালির কোচের দায়িত্ব ছাড়েন জেনারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ইতালির ফুটবল কাঠামো পুনর্গঠনের প্রথম ধাপ হিসেবে জাতীয় দলের নতুন কোচ নিয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ম্যানচেস্টার সিটির দায়িত্বে এক দশকে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন গার্দিওলা। এর আগে বার্সেলোনাকে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা জেতানোর পাশাপাশি বায়ার্ন মিউনিখের হয়ে তিনবার বুন্দেসলিগা জয় করেন তিনি।
গার্দিওলার সঙ্গে সমঝোতা হলে এটিই হবে তার প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব। একই সঙ্গে বিশ্বকাপে ফিরতে মরিয়া ইতালির ফুটবলে শুরু হতে পারে নতুন এক অধ্যায়।
.png)






