Advertisement

১১৩৮ কোটি টাকার বেশি দামে গর্ডনকে দলে নিচ্ছে বার্সা

এশিয়া পোস্ট স্পোর্টস
১১৩৮ কোটি টাকার বেশি দামে গর্ডনকে দলে নিচ্ছে বার্সা
অ্যান্থনি গর্ডন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে বড় ট্রান্সফার সেরে ফেলল বার্সেলোনা। নিউক্যাসল ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে নেওয়ার জন্য দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদন অনুযায়ী, চুক্তির অঙ্ক ৬৯ মিলিয়ন পাউন্ডের বেশি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ১৩৮ কোটি টাকার বেশি।

Advertisement

আগে থেকেই দুই ক্লাবের মধ্যে আলোচনা এগিয়ে ছিল। শেষ পর্যন্ত নিউক্যাসলের চাওয়া অঙ্কের কাছাকাছি প্রস্তাব দিয়েই গর্ডনকে পাওয়ার পথে এগিয়েছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখও গর্ডনকে নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করেছিল, তবে মূল্যায়নে দুই পক্ষের ব্যবধান থাকায় শেষ পর্যন্ত জার্মান ক্লাবটি পিছিয়ে পড়ে।

চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করেই ইংল্যান্ড দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার কথা গর্ডনের। গত মৌসুমে নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল করেন তিনি। প্রিমিয়ার লিগে ১২তম হয়ে হতাশাজনক মৌসুম শেষ করা নিউক্যাসল এবার দল পুনর্গঠনের জন্য বড় অঙ্কের অর্থ তুলতে চাইছে।

নিউক্যাসলের প্রধান নির্বাহী ডেভিড হপকিনসন আগেই জানিয়েছিলেন, ক্লাব নিজেদের শর্তেই খেলোয়াড় বিক্রি করবে। গর্ডনের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত থাকায় দর-কষাকষিতে শক্ত অবস্থানে ছিল নিউক্যাসল।

গত গ্রীষ্মে আলেকজান্ডার ইসাককে ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে বিক্রির পর এবার টানা দ্বিতীয় মৌসুমে নিজেদের সর্বোচ্চ গোলদাতাকে হারাতে যাচ্ছে নিউক্যাসল। তবে এবার ক্লাবের ভেতরে নির্বাহী কাঠামো শক্ত হওয়ায় গর্ডনের বিক্রিকে তারা পুনর্গঠনের সুযোগ হিসেবেই দেখছে।