উজবেকিস্তান ম্যাচে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

উজবেকিস্তানের বিপক্ষে নারী এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ পিটার বাটলার মূলত দলের গতি বাড়ানো এবং মাঝমাঠকে আরও শক্তিশালী করতে এই পরিবর্তনগুলো করেছেন। চার ডিফেন্ডার ও পাঁচ মিডফিল্ডার নিয়ে দল সাজানো হয়েছে।
আজকের ম্যাচে সবচেয়ে বড় চমক সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা সিদ্দিকী। আগের দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও এবার প্রথমবারের মতো তাকে মূল একাদশে রাখা হয়েছে।
দলের ভারসাম্য ফিরিয়ে আনতে রক্ষণভাগ ও মাঝমাঠে অভিজ্ঞ দুই ফুটবলারকেও ফিরিয়ে আনা হয়েছে। ডিফেন্সে সুযোগ পেয়েছেন শিউলি আজিম এবং মাঝমাঠে জায়গা পেয়েছেন উমেলা মারমা।
গোলপোস্টের নিচে আবারও আস্থা রাখা হয়েছে তরুণ গোলরক্ষক মিলি আক্তারের ওপর। অভিজ্ঞ রুপনা চাকমার বদলে আগের দুই ম্যাচে সুযোগ পেয়ে মিলি যে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে সন্তুষ্ট কোচিং স্টাফ। তাই টানা তৃতীয় ম্যাচেও তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে একাদশ থেকে বাদ পড়েছেন রক্ষণভাগের নবীরণ, মাঝমাঠের আইরিন এবং ফরোয়ার্ড শামসুন্নাহার সিনিয়র।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: মিলি আক্তার
রক্ষণভাগ: শিউলি আজিম, শামসুন্নাহার, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু
মাঝমাঠ: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলাহ মারমা, আনিকা রানিয়া সিদ্দিকী
(ফরোয়ার্ড পজিশনে আক্রমণভাগের দায়িত্ব সামলাবেন মিডফিল্ড থেকেই এগিয়ে আসা খেলোয়াড়রা।)