জয়ের পরও অখুশি ইয়ামাল, কারণ জানালেন বার্সা কোচ

স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তিতে ছিল লিগ লিডার বার্সেলোনা। কিন্তু ম্যাচ শেষে লামিনে ইয়ামালের আচরণ নিয়ে তৈরি হয় প্রশ্ন। সেই পরিস্থিতি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন কোচ হান্সি ফ্লিক।
ম্যাচের শেষ দিকে ইয়ামালকে কিছুটা অখুশি দেখা যায়। সতীর্থরা যখন রবার্ট লেভানডভস্কির জয়সূচক গোল উদযাপনে ব্যস্ত, তখন আলাদা হয়ে ছিলেন এই তরুণ ফরোয়ার্ড। এতে করে স্বাভাবিকভাবেই নানা আলোচনা শুরু হয়।
ফ্লিক অবশ্য বিষয়টিকে বড় করে দেখছেন না। তার মতে, ইয়ামালের এই প্রতিক্রিয়ার পেছনে ছিল গোল না পাওয়ার হতাশা। ম্যাচজুড়ে ভালো খেললেও শেষ পর্যন্ত গোল করতে না পারায় নিজেই নিজের ওপর বিরক্ত ছিলেন তিনি।
প্রথমার্ধেই একটি দারুণ সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। ফার্মিন লোপেজের পাস থেকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে। এর আগে নিজেই দারুণ এক আক্রমণ তৈরি করে সতীর্থকে সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু সেটিও কাজে লাগেনি।
ফ্লিক বলেন, ইয়ামাল সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। এ ধরনের আবেগ স্বাভাবিক এবং ড্রেসিংরুমে সবকিছুই ঠিক আছে।
ম্যাচ শেষে কোচের সঙ্গে সংক্ষিপ্ত কথাও হয় ইয়ামালের। এরপর তিনি ড্রেসিংরুমে ফিরে যান। পুরো বিষয়টিকে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন কোচিং স্টাফ।
এই মৌসুমে ইতোমধ্যে ১৯ গোল করেছেন ইয়ামাল। লা লিগা এবং ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে তার ধারাবাহিকতা বার্সার জন্য বড় শক্তি।
এর মধ্যেই স্পেনের ফুটবলে আরেকটি বিতর্কের কেন্দ্রেও ছিলেন ইয়ামাল। সাম্প্রতিক এক ম্যাচে মুসলিমবিরোধী স্লোগানের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি সরব হন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া জানান।
তবে মাঠের পারফরম্যান্সই এখন তার প্রধান লক্ষ্য। সামনে আবারও গুরুত্বপূর্ণ ম্যাচ। অ্যাটলেটিকোর বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বার্সেলোনা। সে ম্যাচেই আবারও নিজের ছন্দে ফিরতে চাইবেন ইয়ামাল।