কলকাতায় মেসির ৭০ ফুট ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত

ভারতে লিওনেল মেসির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে সেই ভালোবাসার স্মারক হিসেবেই কলকাতায় স্থাপন করা তার বিশাল ভাস্কর্য এখন নিরাপত্তা ঝুঁকির কারণে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীদের পর্যবেক্ষণে ভাস্কর্যটি নিরাপদ নয় বলে ধরা পড়েছে।
কলকাতার লেক টাউন এলাকায় ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রায় ৭০ ফুট উচ্চতার সোনালি রঙের ভাস্কর্যটিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। গত ডিসেম্বরে মেসির ‘গোট ট্যুর’ ঘিরে এটি উন্মোচন করা হয়েছিল। আল জাজিরা জানিয়েছে, ভাস্কর্যটি বাতাসে দুলতে দেখা যাওয়ায় সেটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত শ্রমিকেরা রশি দিয়ে কাঠামোটি বেঁধে স্থিতিশীল রাখার চেষ্টা করছেন।
পশ্চিমবঙ্গের বিধায়ক শরদ্বত মুখার্জি এএফপিকে বলেছেন, প্রকৌশলীরা ভাস্কর্যটিকে অনিরাপদ বলে চিহ্নিত করেছেন। তার ভাষ্য, বাতাসে কাঠামোটি দুলতে দেখা গেছে। তবে কবে এটি পুরোপুরি সরানো হবে, তা এখনো পরিষ্কার নয়। ব্যস্ত সড়কের পাশে অবস্থান করায় ভাস্কর্য অপসারণের কাজও সহজ হবে না বলে জানিয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর পূর্ত দপ্তরের কর্মকর্তারা কাঠামোটি পরিদর্শন করেন। তাদের পর্যবেক্ষণে ভাস্কর্যের ভারসাম্য ও ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে। অস্থায়ীভাবে জায়গাটি ঘিরে রাখা হয়েছে, যাতে পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
ভাস্কর্যটি অন্য কোনো জায়গায় আবার বসানো হবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। স্থানীয় শিল্পী ও নির্মাতাদের একটি বড় দল এটি তৈরি করেছিল। নির্মাতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাতাসের চাপ সামলাতে কাঠামোটি কিছুটা দুলতে পারে, তবে তা বিপজ্জনক নয়। কিন্তু সরকারি প্রকৌশলীদের মূল্যায়নের পর কর্তৃপক্ষ ঝুঁকি নিতে চাইছে না।
ঘটনাটি এমন সময়ে সামনে এল, যখন মেসিকে ঘিরে বিশ্বকাপ উত্তেজনা আবারও বাড়ছে। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে খেললে এটি হবে মেসির ষষ্ঠ বিশ্বকাপ, যা তাকে আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড় করাবে।
ভারত ক্রিকেটপ্রধান দেশ হলেও ফুটবলের প্রতি আবেগ সেখানে কম নয়। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ১৪২ নম্বরে থাকলেও নিলসেনের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, দেশটিতে ফুটবল দ্বিতীয় জনপ্রিয় খেলা। আর কলকাতা ও পশ্চিমবঙ্গে আর্জেন্টিনা-মেসি আবেগ সেই ফুটবলপ্রেমেরই বড় প্রতীক।
