Advertisement

যে কারণে নিজেদের বসার ঘরেই বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

এশিয়া পোস্ট স্পোর্টস
যে কারণে নিজেদের বসার ঘরেই বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
রোনালদোর বিয়ের ছবি। ছবি: ভোগ ম্যাগাজিন

চাইলে প্রাসাদ, ব্যক্তিগত দ্বীপ কিংবা বিলাসবহুল কোনো হোটেলে বিয়ের আয়োজন করতে পারতেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। কিন্তু জীবনের বিশেষ দিনটি উদ্‌যাপনে চাকচিক্যের বদলে নিজেদের বাড়ির বসার ঘরকেই বেছে নিয়েছেন তারকা দম্পতি।

Advertisement

পর্তুগালের কাসকাইসে নিজেদের নতুন বাড়িতে গত ১১ আগস্ট বিয়ে করেন রোনালদো ও জর্জিনা। দিনটিও বেছে নেওয়া হয়েছিল বিশেষ কারণে। ঠিক ১০ বছর আগে এই দিনেই মাদ্রিদের একটি গুচি বিপণিকেন্দ্রে প্রথম দেখা হয়েছিল দুজনের।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি পরা হাতের একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ক্যাপশনে নিজের ও জর্জিনার নামের প্রথম অক্ষরের মাঝে ভালোবাসার প্রতীক জুড়ে দেন পর্তুগিজ তারকা।

বসার ঘরে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ ভোগকে জানিয়েছেন জর্জিনা। ছোটবেলায় বিশাল প্রাসাদ, দীর্ঘ পোশাক, ঘোড়ার গাড়ি ও হীরার মুকুট পরে বিয়ের স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু রোনালদোর সঙ্গে জীবন কাটানোর পর তার কাছে বিলাসবহুল আয়োজনের চেয়ে ব্যক্তিগত মুহূর্তই বেশি মূল্যবান হয়ে উঠেছে।

জর্জিনা বলেন, ‘আমি আমার জীবনসঙ্গী ও সন্তানদের নিয়ে ঘরেই ব্যক্তিগতভাবে মুহূর্তটি উদ্‌যাপন করতে চেয়েছি। আমাদের জন্য এমন নিরিবিলি আয়োজনই বেশি দুর্লভ।’

যে বসার ঘরে পরিবারটি প্রতিদিন সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার খায়, সেখানেই পরস্পরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন রোনালদো ও জর্জিনা। তাদের সন্তানেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিল।

জর্জিনার আশা, বহু বছর পর সেই জায়গাটি সন্তানদের কাছে বিশেষ স্মৃতি হয়ে থাকবে। তিনি বলেন, ‘৩০ বছর পর সন্তানরা যেন মনে করে, এই টেবিলেই তাদের মা-বাবার জীবনের অসাধারণ একটি ঘটনা ঘটেছিল।’

এ সময় স্বভাবসুলভ রসিকতা করেন রোনালদো। পর্তুগিজ তারকা বলেন, ‘তখন হয়তো একই টেবিল থাকবে না। আমরা ঘরের সাজসজ্জা বদলে ফেলতে পারি।’

ব্যক্তিগত পরিসরে বিয়ে করলেও ভবিষ্যতে পরিবার ও বন্ধুদের নিয়ে বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে জর্জিনার। ব্যস্ততা ও সন্তানদের দায়িত্বের কারণে পরিচয়ের দশম বার্ষিকীটি আর পিছিয়ে দিতে চাননি তারা।

বিয়ের পর পরিবারের সদস্যদের নিয়ে ফাতিমার আওয়ার লেডি অভয়ারণ্যে যান রোনালদো ও জর্জিনা। সেখানে জনসমাগম এড়াতে একটি ছোট প্রার্থনাকক্ষ বন্ধ রেখে ধর্মযাজক তাদের আশীর্বাদ করেন।

বিয়ের পর মধুচন্দ্রিমায়ও যাননি এই দম্পতি। পরদিনই সৌদি আরবের রিয়াদে ফিরতে হয় তাদের। নতুন মৌসুমের জন্য রোনালদোর প্রস্তুতি শুরু হওয়ার কথা ছিল ১৫ আগস্ট।

এ নিয়ে রোনালদোর সহজ উত্তর, ‘আমাদের প্রতিটি দিনই মধুচন্দ্রিমার মতো।’

অনুষ্ঠানের পর জর্জিনা জানান, বিয়েটি ঠিক তার কল্পনার মতোই হয়েছে। ভালোবাসা ও পরিবারের উপস্থিতিতে আয়োজিত সেই মুহূর্তে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

২০১৬ সালে মাদ্রিদের গুচি বিপণিকেন্দ্রে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম দেখা হয়েছিল তৎকালীন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর সঙ্গে। এক দশকের সম্পর্কের পর সেই প্রথম দেখার দিনটিকেই নতুন জীবনের শুরু হিসেবে বেছে নিলেন তারা।

যে কারণে নিজেদের বসার ঘরেই বিয়ে করলেন রোনালদো-জর্জিনা