logo

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা

৪৮ দলের বিশ্বকাপ সামনে রেখে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বাড়ায় খেলোয়াড়দের কার্ডজনিত নিষেধাজ্ঞার ঝুঁকিও বেড়েছে। সেই বাস্তবতা মাথায় রেখে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড মওকুফের নিয়ম চালুর প্রস্তাব নিয়ে আলোচনা করবে ফিফা কাউন্সিল।

মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের সভায় প্রস্তাবটি উঠবে। দ্য অ্যাথলেটিকের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, নিয়মটি অনুমোদন পাওয়ার সম্ভাবনাই বেশি।

বর্তমান প্রস্তাব অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে যেসব খেলোয়াড় একটি হলুদ কার্ড দেখেছেন কিন্তু নিষেধাজ্ঞায় পড়েননি, তাদের সেই কার্ড মুছে দেওয়া হবে। এটিই হবে প্রথম কার্ড অ্যামনেস্টি। এরপর নকআউট পর্বেও থাকছে আরেক দফা ছাড়। রাউন্ড অব ৩২, শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের মধ্যে কোনো খেলোয়াড় একটি হলুদ কার্ড দেখলে এবং নিষেধাজ্ঞায় না পড়লে কোয়ার্টার ফাইনালের পর সেটিও মুছে যাবে।

৪৮ দলের বিশ্বকাপে ফাইনালে উঠতে এখন দলগুলোকে আগের চেয়ে একটি ম্যাচ বেশি খেলতে হবে। আগে শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছাতে সাতটি ম্যাচ খেলতে হতো, এবার লাগবে আটটি। নতুন কাঠামোয় যুক্ত হয়েছে রাউন্ড অব ৩২। ফলে বড় দলগুলোর গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে কার্ড জমে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি আরও বেড়েছে।

ফিফার ভাবনা মূলত সেই ঝুঁকি কমানো। সংস্থাটি চায়, টুর্নামেন্টের শেষ ভাগে যেন কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে বড় ম্যাচগুলোর মান ক্ষতিগ্রস্ত না হয়। জাতীয় ফেডারেশন ও কোচদের পক্ষ থেকেও এমন একটি নিয়মের দাবি ছিল। তাদের যুক্তি, বড় টুর্নামেন্টে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে একটি সতর্কতামূলক কার্ড যেন খেলোয়াড়ের সেমিফাইনাল বা ফাইনাল খেলার স্বপ্ন কেড়ে না নেয়।

নতুন নিয়ম অনুমোদিত হলে ৪৮ দলের বিশ্বকাপে খেলোয়াড় ও কোচদের জন্য এটি বড় স্বস্তি হয়ে আসবে। তবে সরাসরি লাল কার্ড বা দুই হলুদ কার্ডে লাল কার্ডের শাস্তির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। নিয়মটি মূলত একক হলুদ কার্ড জমে নিষেধাজ্ঞার ঝুঁকি কমানোর জন্যই ভাবা হয়েছে।