logo

বিশ্বকাপের পর রোনালদোর অবসরই ধরে নিয়েছিল পর্তুগাল ফেডারেশন

বিশ্বকাপের পর রোনালদোর অবসরই ধরে নিয়েছিল পর্তুগাল ফেডারেশন
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: গেটি ইমেজ

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরের বর্তমান অস্থিরতা হঠাৎ তৈরি হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর দাবি, ২০২৬ বিশ্বকাপের পরই জাতীয় দলকে রোনালদো বিদায় জানাবেন এমনটাই ধরে নিয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। এমনকি রবার্তো মার্তিনেজের উত্তরসূরি খোঁজার সময় কয়েকজন কোচ রোনালদোকে ছাড়া দল গড়ার শর্ত দিলেও সেটি বিবেচনায় নিতে প্রস্তুত ছিল ফেডারেশন।

নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে থাকার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। পরে কোপেনহেগেনে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী রোনালদো। নিজের সিদ্ধান্তের কারণ পরে জানাবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।

তবে এএস জানিয়েছে, এই পরিস্থিতির ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে। বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্স ও জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে ফেডারেশনের ভেতরে আলোচনা চলছিল। কর্মকর্তাদের ধারণা ছিল, বিশ্বকাপ শেষে রোনালদো নিজেই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াবেন। কিন্তু তার পক্ষ থেকে অবসরের কোনো ঘোষণা না আসায় নতুন কোচ জেসুস প্রথম আন্তর্জাতিক বিরতিতেও তাঁকে দলে ডাকেন।

রবার্তো মার্তিনেজের জায়গায় নতুন কোচ খোঁজার সময়ও বিষয়টি সামনে এসেছিল। এএস এর দাবি, ফেডারেশনের সঙ্গে আলোচনা করা কয়েকজন কোচ দায়িত্ব নেওয়ার শর্ত হিসেবে জাতীয় দলে রোনালদোর না থাকার বিষয়টি তুলেছিলেন। ফেডারেশন সেই সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেনি। আলোচনায় থাকা কোচদের একজন ছিলেন হোসে মরিনিও। শেষ পর্যন্ত দায়িত্ব পান জর্জ জেসুস।

জেসুস দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছেন। গত মাসে রোনালদো প্রসঙ্গে তিনি বলেছিলেন, পাঁচটি ব্যালন ডি’অর তাঁর দল নির্বাচনের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। “অতীত তাঁর পক্ষে কথা বলে, কিন্তু আমার সিদ্ধান্তে অতীত গণ্য হয় না” এমন অবস্থানই স্পষ্ট করেছিলেন পর্তুগাল কোচ।

সেই নীতিরই সবচেয়ে বড় প্রতিফলন দেখা যায় নরওয়ের বিপক্ষে। ম্যাচটিতে রোনালদোকে এক মিনিটও খেলাননি জেসুস। শেষ বাঁশির পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান পর্তুগাল অধিনায়ক। এরপর দলের অনুশীলনেও অনুপস্থিত থাকেন তিনি। পরিস্থিতি সামলাতে জরুরি ভিত্তিতে কোপেনহেগেনে যান ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েন্সা এবং রোনালদো ও জেসুসের সঙ্গে বৈঠক করেন।

শেষ পর্যন্ত সমাধান আসেনি। বুধবার ক্যাম্প ছেড়ে যান রোনালদো। এখন তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ কি না, সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে এএস বলছে, পর্তুগালে সেই সম্ভাবনা এখন গুরুত্ব দিয়েই আলোচনা হচ্ছে।