পাঁচ ম্যাচ হাতে রেখেই প্লে-অফে মেসির মায়ামি

আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জিতিয়েছিলেন লিওনেল মেসি। এবার গোল না পেলেও রদ্রিগো ডি পলকে দিয়ে গোল করিয়ে দলের জয়ে অবদান রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। জার্মান বেরতেরামের গোলের সঙ্গে ডি পলের দুর্দান্ত শটে নিউইয়র্ক সিটি এফসিকে হারিয়েছে মায়ামি। টানা দ্বিতীয় জয়ের সঙ্গে নিশ্চিত করেছে এমএলএসের প্লে-অফও।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে নিজেদের মাঠ নু স্টেডিয়ামে নিউইয়র্ক সিটিকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। প্রথমার্ধেই দুটি গোল করে স্বাগতিকরা। শেষ মুহূর্তে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি নিউইয়র্ক। এই জয়ে ২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে মেসির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল মায়ামি। ১২ মিনিটে গঞ্জালো লুহানের ক্রস থেকে সের্হিও রেগিলনের হেড ঠেকিয়ে দেন নিউইয়র্কের গোলরক্ষক ম্যাট ফ্রিজ। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ২০ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন বেরতেরামে। চলতি লিগে এটি তার অষ্টম গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। নিউইয়র্কের আক্রমণ ঠেকিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। বেরতেরামের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে ডি পলকে পাস দেন মেসি। বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরালো শটে জালের ওপরের কোণে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।
চলতি এমএলএস মৌসুমে এটি ডি পলের পঞ্চম গোল। অন্যদিকে এই অ্যাসিস্টের মাধ্যমে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। ২৩ গোলের পাশাপাশি ১৪ অ্যাসিস্টে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৭ গোলে সরাসরি অবদান রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা।
বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় মায়ামি। তবে সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। শেষদিকে ডি পলের একটি শট নিউইয়র্কের গোলরক্ষক ম্যাট ফ্রিজের হাতে লেগে গোলবারে প্রতিহত হয়। বদলি হিসেবে নামা রিকেলমে ফিলিপির শটও পোস্টে লাগে।
ম্যাচের যোগ করা সময়ের শেষদিকে গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল নিউইয়র্ক। নিজেদের বক্সে তালেস মাগনোকে ফাউল করেন মায়ামির ইয়ান ফ্রে। পেনাল্টি থেকে নিকোলাস ফের্নান্দেস মেরকাউর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। ফলে টানা দ্বিতীয় ম্যাচে কোনো গোল হজম না করেই মাঠ ছাড়ে মায়ামি।
গত শনিবার ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল মায়ামি। সেই ম্যাচে মেসি ও সুয়ারেজ দুজনই জোড়া গোল করেছিলেন। এবার নিউইয়র্ককে হারিয়ে জুলাইয়ের পর প্রথমবার টানা দুই ম্যাচ জিতল ফ্লোরিডার ক্লাবটি।
নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসের অধীনে এটি মায়ামির দ্বিতীয় লিগ জয়। সেপ্টেম্বরের মাঝামাঝি দায়িত্ব নেওয়া আর্জেন্টাইন কোচের অধীনে ধীরে ধীরে ছন্দে ফিরছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা।
নিয়মিত মৌসুমের আরও পাঁচ ম্যাচ বাকি থাকতেই প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি। টানা তৃতীয় মৌসুমে শিরোপার লড়াইয়ের চূড়ান্ত পর্বে খেলবে তারা। ২০২৪ সালে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথম এমএলএস কাপ জিতেছিল মেসির দল।
আগামী শনিবার (১৭ অক্টোবর) আটলান্টা ইউনাইটেডের মাঠে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে মায়ামি।
-9d9102.webp)