প্রথম লেগে রিয়ালকে হারিয়ে সুবিধায় বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মহারণে জয় পেয়েছে জার্মানরা। রোমাঞ্চকর এক লড়াই শেষে লস ব্লাঙ্কোসদের ২-১ গোলে হারিয়ে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে কেইন-দিয়াজরা। সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া এই ম্যাচে বেশিরভাগ সময়ই বায়ার্নের নিয়ন্ত্রণ চোখে পড়েছে, যদিও শেষদিকে কিলিয়ান এমবাপ্পের গোল ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে।
বুধবার (৮ মার্চ) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে গোলের দেখা পায় বায়ার্নই। ৪১ মিনিটে সের্গে গ্নাব্রির নিখুঁত পাস থেকে লুইস দিয়াজ গোল করে এগিয়ে দেন দলকে। রিয়ালের রক্ষণভাগের সামান্য ভুলের সুযোগ নিয়ে সহজ ফিনিশ করেন তিনি।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান বাড়ায় বায়ার্ন। খেলা শুরুর মাত্র ২০ সেকেন্ডের মাথায় মাইকেল অলিসের দারুণ মুভ থেকে বল পেয়ে হ্যারি কেইন ঠাণ্ডা মাথায় জালে জড়িয়ে দেন। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় বায়ার্ন।
তবে রিয়াল মাদ্রিদ লড়াই ছাড়েনি। কয়েকটি ভালো সুযোগ তৈরি করে গোল না পেলেও ৭৪ মিনিটে ম্যাচে ফেরে তারা। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিচু ক্রস থেকে এমবাপ্পে গোল করে ব্যবধান কমান। এই গোল দ্বিতীয় লেগের আগে রিয়ালের আশা জিইয়ে রাখে।
শেষ দিকে দুদলই সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে বায়ার্নকে এগিয়ে রাখতে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
ম্যাচটির পরিসংখ্যানেও এগিয়ে ছিল বায়ার্ন। তাদের প্রত্যাশিত গোলের সংখ্যা ছিল প্রায় ২.৯৯, যেখানে রিয়ালের ছিল ১.৯৭। পুরো ম্যাচে জার্মান দলটির আক্রমণ ছিল বেশি ধারালো ও সংগঠিত।
এই জয়ে বায়ার্ন দ্বিতীয় লেগের আগে এগিয়ে থাকলেও লড়াই এখনো খোলা। সামনে আরও ৯০ মিনিট, যেখানে যেকোনো কিছুই হতে পারে।
এদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচের প্রথম লেগে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে। জয়সূচক গোলটি করেন গানারদের ফরোয়ার্ড কাই হাভার্টজ।