গুরুত্বপূর্ণ সময়ে ডি ইয়ংকে হারাল বার্সেলোনা

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কা খেল এফসি বার্সেলোনা। ঠিক যখন মৌসুমের শেষ ভাগে পেদ্রি ফিরছেন, গাভিও ধীরে ধীরে পুরো ফিটনেসে, তখনই মাঝমাঠের আরেক ভরসা ফ্রেঙ্কি ডি ইয়ং ছিটকে গেলেন পাঁচ থেকে ছয় সপ্তাহের জন্য।
বৃহস্পতিবারের অনুশীলনে অস্বস্তি অনুভব করার পর মেডিকেল পরীক্ষা করা হয় ডাচ মিডফিল্ডারের। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, তার ডান পায়ের ডিস্টাল বাইসেপস পেশিতে সমস্যা ধরা পড়েছে। ফলে অন্তত দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী এই ফুটবলারকে।
️Medical report
First-team player Frenkie de Jong sustained an injury to the distal biceps of his right leg during this mornings training session.
Medical tests have confirmed that the expected recovery period will be approximately five to six weeks. pic.twitter.com/2irBhMoAG2
— FC Barcelona (@FCBarcelona) February 26, 2026
এই চোট এসেছে এমন সময়ে, যখন মৌসুমের ভাগ্য নির্ধারণী ম্যাচগুলো সামনে। আগামী সপ্তাহেই কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ—যেখানে অ্যাথলেটিকোর বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে বার্সাকে। এরপর শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ব্যস্ততা। পাশাপাশি লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার লড়াই তো আছেই।
এই অবস্থায় ডি ইয়ংয়ের অনুপস্থিতি কোচ হ্যান্সি জন্য বড় চ্যালেঞ্জ। বলের নিয়ন্ত্রণ, টেম্পো তৈরি আর রক্ষণ থেকে আক্রমণে রূপান্তর—সব ক্ষেত্রেই ডি ইয়ং ছিলেন নির্ভরতার নাম।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ খেলেছেন ডি ইয়ং। লা লিগায় শেষ ম্যাচে গোলও করেছিলেন, পাশাপাশি রয়েছে সাতটি অ্যাসিস্ট। সংখ্যাটা হয়তো খুব চোখে পড়ার মতো নয়, কিন্তু মাঝমাঠে তার উপস্থিতিই বার্সার খেলার ভারসাম্য তৈরি করে।
ফ্লিকের হাতে অবশ্য কিছু বিকল্প আছে। পেদ্রি পুরো ফিট হলে ডাবল পিভটে বড় ভরসা হতে পারেন। এছাড়া মার্ক বের্নাল, মার্ক কাসাদো, এরিক গার্সিয়া কিংবা ফার্মিন লোপেজ—সবাই সম্ভাব্য বিকল্প।
তবু প্রশ্ন থেকেই যায়—মৌসুমের এই সন্ধিক্ষণে ডি ইয়ংয়ের মতো অভিজ্ঞ ও পরিণত মিডফিল্ডারকে ছাড়া বার্সা কি ছন্দ ধরে রাখতে পারবে?
আগামী কয়েক সপ্তাহেই তার উত্তর মিলবে।