চার বছরের চুক্তিতে চেলসির কোচ হলেন জাবি আলোনসো

জাবি আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। চার বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেনের সাবেক এই কোচ। আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন ৪৪ বছর বয়সি স্প্যানিয়ার্ড।
গত মাসে লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করার পর থেকেই স্থায়ী কোচ খুঁজছিল চেলসি। দ্য অ্যাথলেটিক আগেই জানিয়েছিল, আলোনসোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি। এবার ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণায় সেটিই নিশ্চিত হলো।
নিয়োগের পর চেলসির বিবৃতিতে আলোনসো বলেছেন, ‘চেলসি বিশ্ব ফুটবলের অন্যতম বড় ক্লাব। এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অনেক গর্বের।’
মালিকপক্ষ ও স্পোর্টিং নেতৃত্বের সঙ্গে আলোচনায় একই উচ্চাকাঙ্ক্ষা দেখেছেন বলেও জানিয়েছেন তিনি। আলোনসোর লক্ষ্য, নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে লড়াই করা এবং শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল গড়া।
Chelsea Football Club is delighted to announce the appointment of Xabi Alonso as Manager of the Men’s Team.
— Chelsea FC (@ChelseaFC) May 17, 2026
The Spaniard will begin his role on July 1, 2026, having agreed a four-year contract at Stamford Bridge.
Welcome to Chelsea, Xabi!
চেলসির জন্য মৌসুমটা ছিল অস্থির। এনজো মারেস্কা, লিয়াম রোজেনিয়র ও অন্তর্বর্তী কোচ কালাম ম্যাকফারলেন—এক মৌসুমেই তিনজন কোচের অধীনে খেলেছে তারা। শনিবার এফএ কাপ ফাইনালেও ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। প্রিমিয়ার লিগে নবম স্থানে থাকা দলটি আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের বাইরেও থাকতে পারে।
আলোনসোর কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য বায়ার লেভারকুসেনে। ২০২৩-২৪ মৌসুমে লেভারকুসেনকে ক্লাব ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা এনে দেন তিনি, তাও অপরাজিত থেকে। একই মৌসুমে জার্মান কাপ জিতে ঘরোয়া ডাবলও পূর্ণ করে তার দল।
এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন আলোনসো। শুরুটা ভালো হলেও বার্নাব্যু অধ্যায় দীর্ঘ হয়নি। জানুয়ারিতে তাকে বরখাস্ত করে রিয়াল। তার পর থেকে কাজের বাইরে ছিলেন বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার। এবার প্রিমিয়ার লিগে ফিরছেন কোচ হিসেবে, যেখানে খেলোয়াড়ি জীবনে লিভারপুলের হয়ে পাঁচ বছর কাটিয়েছিলেন এবং ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন।
